পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, গৃহসংঘাতের শঙ্কা

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, গৃহসংঘাতের শঙ্কা

ফন্ট সাইজ:

পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে নতুন প্রশাসনিক ইউনিট গঠনের প্রস্তাব ঘিরে দেশটির রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সংশ্লিষ্ট আলোচিত এই পরিকল্পনার বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছেন সিন্ধু প্রদেশের হাজার হাজার মানুষ। করাচিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা সিন্ধুর ভৌগোলিক সীমানা অক্ষুণ্ন রাখার দাবি জানিয়েছেন।

পাকিস্তান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে করাচিতে জেয় সিন্ধু রাহবার কমিটির উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল সিন্ধুর ঐতিহ্যবাহী আজরাক চাদর ও টুপি।

সমাবেশে বক্তারা সিন্ধু প্রদেশের বর্তমান সীমানায় কোনো ধরনের পরিবর্তনের বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য, সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপস হতে পারে না। প্রদেশের সীমানা কিংবা প্রশাসনিক কাঠামো পরিবর্তনের যেকোনো সিদ্ধান্ত নিতে হলে সেখানকার মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বক্তারা বলেন, সিন্ধুর পরিচয় শুধু একটি প্রশাসনিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা। প্রশাসনিক সুবিধার অজুহাতে এই পরিচয়কে খণ্ডিত করা যায় না।

নতুন প্রদেশ কিংবা প্রশাসনিক অঞ্চল গঠনের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবেরও বিরোধিতা করেন তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান, যা প্রদেশটিতে রাজনৈতিক উত্তেজনা ও বিভাজন বাড়াতে পারে।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, জনগণের সম্মতি ছাড়া কোনো প্রশাসনিক পরিবর্তন চাপিয়ে দেয়ার চেষ্টা হলে সংবিধান, আইন ও গণতান্ত্রিক পদ্ধতিতে তার মোকাবিলা করা হবে। প্রয়োজনে পুরো প্রদেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।

আসিম মুনিরের পরিকল্পনায় কী আছে?

পাকিস্তানের চারটি প্রধান প্রশাসনিক প্রদেশ—পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান—ভেঙে দেশটিকে ১২টি বা তারও বেশি প্রদেশ কিংবা প্রশাসনিক অঞ্চলে ভাগ করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এই উদ্যোগের সঙ্গে দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের নাম জড়ানো হচ্ছে।
পাকিস্তানে সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদ সেনাপ্রধানের ওপরে থাকলেও বাস্তবে আসিম মুনিরের হাতে ব্যাপক ক্ষমতা রয়েছে বলে মনে করা হয়। তবে এখন পর্যন্ত তার অনুমোদিত কোনো আনুষ্ঠানিক পরিকল্পনার নকশা প্রকাশ করা হয়নি।

পরিকল্পনাটির পক্ষে যুক্তি হিসেবে বলা হচ্ছে, নতুন প্রশাসনিক অঞ্চল গঠন করা হলে সুশাসন নিশ্চিত করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেয়া সহজ হবে।

তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, বাস্তবায়ন করা হলে পাকিস্তানের বিদ্যমান ফেডারেল কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
গত ৮ অক্টোবরের সম্পাদকীয়তে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট এই উদ্যোগকে রাজনৈতিক বিরোধীদের বিভক্ত করা এবং সেনাপ্রধানের ক্ষমতা আরও সংহত করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

সিন্ধু ভাগ হলে অস্ত্র হাতে তুলে নেবে মানুষ

সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে এর আগেও কঠোর অবস্থান নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
গত ১৭ নভেম্বর করাচি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন, জোর করে সিন্ধু প্রদেশ ভাগ করা হলে মানুষ অস্ত্র হাতে তুলে নিতে পারে।

জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, বিলাওয়াল বলেন, ‘জোর করে প্রদেশ ভাগ করা হলে সমাজও বিভক্ত হয়ে পড়বে। এর ফলে শত্রুতা তৈরি হবে, সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নেবে এবং রক্তপাত শুধু একজনের মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না।’
তিনি বলেন, জনগণের ইচ্ছা, সংবিধান ও আইন অনুযায়ী নতুন প্রদেশ গঠনের পক্ষে তার দল। তবে জবরদস্তি করে কোনো প্রদেশ ভাগ করার বিরোধিতা করছে পিপিপি।

বিলাওয়ালের ভাষায়, ‘আমরা যে বিষয়ে আপত্তি জানাচ্ছি, তা হলো জোরজবরদস্তি ও চাপ প্রয়োগ। আমরা বলপ্রয়োগের মাধ্যমে কোনো বিভাজন চাই না।’
তিনি আরও বলেন, নতুন প্রদেশ গঠনের বিষয়ে পাকিস্তানের সংবিধানে সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। এ ক্ষেত্রে গণভোটের প্রস্তাব তোলার অর্থ হলো সাংবিধানিক পদ্ধতির বাইরে যাওয়ার চেষ্টা করা। অতীতেও পাকিস্তানে গণভোটকে অগণতান্ত্রিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সব মিলিয়ে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের যুক্তিতে নতুন প্রদেশ গঠনের আলোচনা শুরু হলেও সিন্ধুতে তা প্রাদেশিক পরিচয় ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে বড় রাজনৈতিক বিরোধের জন্ম দিয়েছে। আসিম মুনিরের সঙ্গে সংশ্লিষ্ট এই পরিকল্পনা শেষ পর্যন্ত কত দূর এগোয়, এখন সেটিই দেখার বিষয়।