যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচিয়ে রাখতে ধর্মীয় অনুশাসন সবচেয়ে বেশি কার্যকরী বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও তরুণ রাজনীতিবিদ ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, মাদকাসক্ত যুবকদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আলেম-ওলামা, বিশেষ করে মসজিদের ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার দাউদকান্দির জিংলাতলী ইউনিয়নের চর রায়পুর ঈদগাহ মাঠে আয়োজিত ৫০তম ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. খন্দকার মারুফ বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দক্ষ, শিক্ষিত ও কর্মক্ষম তরুণ সমাজের বিকল্প নেই। কিন্তু মাদক যুবকদের সম্ভাবনাকে নষ্ট করছে। তাই মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে।
মাদকের পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন। খন্দকার মারুফ হোসেন বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বলেন, ওই সময়ে দেশে মাদকের বিস্তার যুব ও তরুণ সমাজকে বিপথগামী করেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে যুবকদের ইসলামী অনুশাসন ও মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। মাদক থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মাহফিলে প্রধান আলোচক ছিলেন জৈনপুরী দরবার শরিফের পীর ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। সভাপতিত্ব করেন জৈনপুরী পীর মাওলানা নেহাল আহমাদ আতেকী।
বিশেষ আলোচক ছিলেন মাওলানা মো. আবদুল হাই আতেকী। এ সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মাহফিল আয়োজক কমিটির সদস্যসহ অসংখ্য মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
