এনভিডিয়ায় হুয়াংয়ের প্রত্যাবর্তনে চীনের ‘বিজয়’!

এনভিডিয়ায় হুয়াংয়ের প্রত্যাবর্তনে চীনের ‘বিজয়’!

ফন্ট সাইজ:

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চীনেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দেশটির সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এটি শীর্ষ আলোচিত বিষয় হয়ে উঠেছে।

প্রভাবশালী এই ধনকুবেরের ফিরে আসায় বেশির ভাগ চীনা ব্যবহারকারী খুশি। এর আগে হুয়াং প্রকাশ্যে বলেছিলেন, তিনি চীনকে ভালোবাসেন। গত মে মাসে চীন সফরের সময় তার নুডলস খাওয়া এবং দুধ চা পান করার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছিল।

এনভিডিয়ার সদর দপ্তরে ফিরে যাওয়ার ভিডিওতে তাকে কেন চিরচেনা চামড়ার জ্যাকেট পরতে দেখা যায়নি, তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।
তবে অনেকের কাছে হুয়াংয়ের এই প্রত্যাবর্তন সর্বকালের অন্যতম বড় অবস্থান পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টিকে চীনের জন্য একধরনের বিজয় হিসেবেও দেখা হচ্ছে। সম্ভবত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টিকে এভাবেই দেখছেন।

জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকা এক নারীকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) গুপ্তচর হিসেবে নিয়োগ দিয়েছিল—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর আদলে কাজ করে চীনের এই সংস্থাটি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও গুপ্তচরবৃত্তির এই বিতর্ককে ওয়াশিংটনের চীনবিরোধী কট্টরপন্থিদের পরিচালিত অপপ্রচার হিসেবে তুলে ধরেছে। কমিউনিস্ট পার্টির মুখপত্র হিসেবে পরিচিত গ্লোবাল টাইমস ঘটনাটিকে ‘উইচ হান্ট’ বা উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বলে বর্ণনা করেছে।
এখন হোয়াইট হাউস এবং স্বয়ং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হুয়াং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন। যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে তদন্ত এখনো চলছে।

এই পুরো ঘটনা থেকে শি জিনপিং বেশ কিছু শিক্ষা পেয়েছেন। বিশেষ করে ট্রাম্পের দুর্বলতা ও চাপের জায়গাগুলো সম্পর্কে তার ধারণা আরও স্পষ্ট হয়েছে।
প্রথমত, গত সপ্তাহে শেনজেনে ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের পরপরই হুয়াংয়ের পুনরায় এনভিডিয়ার নেতৃত্বে ফিরে আসার বিষয়টি গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে বেইজিংয়ের কাছে এমন বার্তা যেতে পারে যে, সরাসরি শীর্ষ পর্যায়ের আলোচনা ওয়াশিংটনের সিদ্ধান্তে প্রভাব ফেলতে কার্যকর।

ট্রাম্প বলেছেন, দুই নেতার আলোচনায় হুয়াংয়ের বিষয়টি এসেছিল। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বেইজিংও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এই ঘটনা ওয়াশিংটনের নীতিনির্ধারকদের মধ্যে দুটি পক্ষ থাকার ধারণাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন চীনা কর্মকর্তারা। এক পক্ষ মনে করে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় চীনের কাছে অত্যাধুনিক প্রযুক্তির প্রবেশাধিকার সীমিত করা প্রয়োজন। অন্য পক্ষের মধ্যে রয়েছেন হুয়াংয়ের মতো ব্যক্তিরা, যাদের বিশ্বাস, এ ধরনের বিধিনিষেধ চীনের উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না।

হুয়াং বারবার যুক্তি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের কারণে হুয়াওয়ের মতো চীনা প্রতিষ্ঠানগুলো নিজস্ব প্রযুক্তিগত বিকল্প তৈরিতে আরও মনোযোগী হবে। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির বাজার থেকে মার্কিন কোম্পানিগুলো নিজেদের বঞ্চিত করবে। তবে এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের প্রত্যাবর্তন বেইজিংয়ের জন্য স্বস্তির নিশ্চয়তা নয়।

বরং অত্যাধুনিক চিপ বিক্রি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধের অন্যতম প্রধান বিষয় হয়েই থাকবে। বিশেষ করে আগামী ডিসেম্বরে ট্রাম্প ও শি জিনপিংয়ের আরেকটি সম্ভাব্য বৈঠকের আগে দুই দেশ যখন বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র নতুন কিছু বিধিনিষেধ কার্যকর করার উদ্যোগ নিয়েছে, যা বেইজিংকে উদ্বিগ্ন করতে পারে।

যুক্তরাষ্ট্রের শিল্প ও নিরাপত্তা ব্যুরো (বিআইএস) চীনে সরাসরি অত্যাধুনিক চিপ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করছে। পাশাপাশি বিদেশে অবস্থিত ডেটা সেন্টারগুলোর কম্পিউটিং ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রেও চীনা কোম্পানিগুলোর ওপর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেয়া হচ্ছে।

এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সম্ভাব্য ফাঁকফোকর বন্ধ করা। এসব ফাঁক ব্যবহার করে চীনা কোম্পানিগুলো সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো তৃতীয় দেশের ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এনভিডিয়া ও এএমডির অত্যাধুনিক চিপ ব্যবহারের সুযোগ পেতে পারে।

এখন পর্যন্ত চীন পাল্টা কোনো ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়নি। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে বিনিয়োগকারীরা পরিস্থিতির ওপর গভীর নজর রাখবেন। কারণ, এর প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও।
ট্রাম্প যে পরিস্থিতি স্থিতিশীল রাখতে কতটা আগ্রহী, তা দেখার পর শি জিনপিং এটিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে বিবেচনা করতে পারেন। এখন শি জানেন, শেয়ারবাজার নিয়ে ট্রাম্প এতটাই উদ্বিগ্ন যে বিশ্বের বৃহত্তম কোম্পানির মানবসম্পদসংক্রান্ত সিদ্ধান্তেও তিনি হস্তক্ষেপ করতে প্রস্তুত। ট্রাম্প নিজেও এনভিডিয়ায় ব্যক্তিগত বিনিয়োগ করেছেন।

যদিও হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প তার ব্যবসায়িক স্বার্থ ছেলেদের পরিচালিত একটি ট্রাস্টের অধীনে রেখেছেন।
এর আগে বিশ্বের বিরল মৃত্তিকা খনিজের বাজারে নিজেদের শক্তিশালী নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে বাণিজ্য আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে চীন।
এখন ওয়াশিংটন যদি চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে এবং বেইজিং পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপের একটি চক্র শুরু হতে পারে। এর গভীর প্রভাব পড়তে পারে শেয়ারবাজারে। কারণ, গাড়ি নির্মাতা থেকে শুরু করে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী এবং চিপ নির্মাতা—সব ধরনের মার্কিন কোম্পানি বিরল মৃত্তিকা খনিজের ওপর নির্ভরশীল।

চীন এখন বুঝতে পারছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গঠনমূলক কৌশলগত সম্পর্ক’ গড়ে তোলার চেষ্টা করতে গিয়ে সামনে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই দ্বন্দ্বে এখন আর ট্রাম্পের শুল্কনীতিই মূল বিষয় নয়। বরং লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ। আর এসবের ওপর নির্ভর করতে পারে দুই দেশের সামরিক প্রভাব ও অর্থনৈতিক শক্তি।
এরপর কী ঘটবে, তা অনেকটাই নির্ভর করছে জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক কোন দিকে গড়ায় তার ওপর। কারণ, এই বিতর্কের এখনো নিষ্পত্তি হয়নি।
আগামী মাসে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেয়ার কথা রয়েছে হুয়াংয়ের। জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে গেলে তার ওপর চাপ আরও বাড়তে পারে। এমনকি রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতাও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন।

আরকানসাসের সিনেটর টম কটন এক্সে লিখেছেন, এনভিডিয়াকে ঘিরে বিতর্কটি ‘হিমশৈলের চূড়ামাত্র’। জেনসেন হুয়াং তাঁর পদ ফিরে পেয়েছেন বলেই এই বিতর্কের অবসান ঘটেনি।