ইরানে বাধ্যতামূলক হিজাব না পরে গান পরিবেশন করায় জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তো আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। একই শাস্তি দেয়া হয়েছে তার ব্যান্ড ও প্রযোজনা দলের চার পুরুষ সদস্যকেও। তাদের প্রত্যেককে ৭৪টি করে দোররা মারা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৯ বছর বয়সী পারাস্তো আহমাদি ২০২৪ সালের ডিসেম্বরে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন। ওই কনসার্ট সরাসরি সম্প্রচার করা হয়েছিল। অনুষ্ঠানে তার পরনে ছিল হাতাকাটা পোশাক।
ইরানের আইন অনুযায়ী, নারীদের জনসমক্ষে সংগীত পরিবেশন নিষিদ্ধ। একই সঙ্গে নারীদের হিজাব পরা এবং শালীন পোশাক পরা বাধ্যতামূলক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,
চলতি বছরের জুনে ইরানের কোম শহরের একটি ফৌজদারি আদালত পারাস্তো আহমাদিসহ ৯ জনকে দোষী সাব্যস্ত করেন। তাদের বিরুদ্ধে ‘জনশালীনতা ক্ষুণ্ন করা’ এবং ‘অশ্লীল ও অশালীন বিষয়বস্তু প্রকাশের’ অভিযোগ আনা হয়। তবে তারা এসব অভিযোগ অস্বীকার করেন।
আদালত তাদের প্রত্যেককে ৭৪ বার বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য অডিওভিজ্যুয়াল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।
পারাস্তোর আইনজীবীরা জানান, গত সেপ্টেম্বরের শেষ দিকে কোমের একটি আপিল আদালত আসামিদের আবেদন খারিজ করে দিয়ে আগের রায় বহাল রাখেন।
এই সাজা ঘোষণার পর ইরানের শিল্পী ও মানবাধিকারকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বেত্রাঘাতকে নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর শাস্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে এ ধরনের শাস্তি নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন বলেও সতর্ক করেন।
এনিয়ে সোমবার আসামিপক্ষের একজন আইনজীবী বিবিসিকে জানান, কোম শহরের ফৌজদারি দণ্ড কার্যকর কার্যালয়ের তৃতীয় শাখায় পারাস্তো আহমাদি এবং তার চার পুরুষ সহ-আসামির ওপর বেত্রাঘাতের সাজা কার্যকর করা হয়েছে।
ওই আইনজীবী বলেন, ‘রায় বাতিল করানো কিংবা অন্তত সাজা কমানো বা স্থগিত করার জন্য আমরা আমাদের সাধ্যের সবটুকু চেষ্টা করেছি। কিন্তু সফল হইনি।’
তিনি আরও বলেন, ‘অন্য আইনজীবীদের সঙ্গে আমিও সাজা কার্যকরের সময় পিছিয়ে দেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দণ্ড কার্যকরকারী শাখা অবিলম্বে সাজা কার্যকরের ব্যাপারে অনড় ছিল।’
ইরানের সংস্কারপন্থি দৈনিক এতেমাদ আরেক আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে, পারাস্তো আহমাদির সঙ্গে যাদের বেত্রাঘাত করা হয়েছে, তারা হলেন সোহেল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া এবং মোহসেন লাশকারি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের (সিএইচআরআই) অ্যাডভোকেসি বিভাগের পরিচালক বাহার ঘানদেহারি এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ‘নিজের পছন্দমতো পোশাক পরে গান গাওয়ার কারণে পারাস্তো আহমাদিকে বেত্রাঘাত করা তার মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এটি নারীদের স্বাধীনতা দমনে এবং বৈষম্যমূলক আইন ও নীতির বিরোধিতা করার সাহস দেখালে যে কাউকে সহিংসভাবে শাস্তি দেয়ার ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষের দৃঢ় অবস্থানের এক ভয়াবহ দৃষ্টান্ত।’
ইরানের আইন দেশটির শরিয়াহ ব্যাখ্যার ওপর ভিত্তি করে তৈরি। এই আইনে বয়ঃসন্ধি পার হওয়া নারী ও কিশোরীদের চুল হিজাব দিয়ে ঢেকে রাখা এবং শরীরের গড়ন আড়াল করে এমন লম্বা ও ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক।
মাহসা আমিনির মৃত্যুর পর থেকে হিজাববিরোধী আন্দোলন
২০২২ সালে ইরানে হিজাববিরোধী ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বছরের সেপ্টেম্বরে তেহরানে নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়ার পর ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়। অভিযোগ ছিল, তিনি যথাযথভাবে হিজাব পরেননি।
মাহসার মৃত্যুর পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হিজাব পুড়িয়ে ফেলেন কিংবা বাতাসে উড়িয়ে দেন। নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ওই আন্দোলনে শত শত মানুষ নিহত হন। এরপর থেকে অনেক নারী ও তরুণী প্রকাশ্যে হিজাব পরা বন্ধ করে দিয়েছেন। বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যেই অবস্থান নিচ্ছেন তারা। জবাবে কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে গ্রেপ্তার, সতর্কবার্তা, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া এবং অন্যান্য প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে আবারও ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এবার দেশটির অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছিল। নিরাপত্তা বাহিনী কঠোরভাবে বিক্ষোভ দমন করে। এতে হাজার হাজার মানুষ নিহত হন এবং কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
