হাসিনার ঘোষণা ও সম্ভাব্য চারটি কূটনৈতিক পরিণতি

হাসিনার ঘোষণা ও সম্ভাব্য চারটি কূটনৈতিক পরিণতি

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ২০২৬ বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্ক এক সংবেদনশীল কূটনৈতিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। দুই বছরেরও বেশি সময় ভারতে অবস্থানের পর বাংলাদেশের এই ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ১৯৭১ সালের স্বাধীনতার বিজয় দিবসকে দেশে ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করেছেন। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তার মুখপাত্র জানিয়েছেন, হাসিনা দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ব্যবস্থা করতে ঢাকার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। তার যুক্তি, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি যেহেতু বাংলাদেশের একটি বিমানে দেশ ছেড়েছিলেন, তাই একইভাবে তার দেশে ফেরার ব্যবস্থাও সরকারের করা উচিত।

এই ঘোষণা নিছক ব্যক্তিগত প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ নয়। এটি নয়াদিল্লির সামনে একটি কঠিন কূটনৈতিক হিসাব হাজির করেছে। বাংলাদেশের একজন সাবেক রাজনৈতিক মিত্রের সঙ্গে সম্পর্ক কীভাবে সামলানো হবে, একই সঙ্গে বাংলাদেশে ভারতের কৌশলগত স্বার্থ এবং বর্তমান সরকারের সঙ্গে কার্যকর সম্পর্ক কীভাবে বজায় রাখা হবে? হাসিনা শেষ পর্যন্ত ফিরুন বা না ফিরুন, তার এই ঘোষণা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ গতিপথকে প্রভাবিত করতে পারে।
তাৎক্ষণিক বাধা হলো বাংলাদেশের সরকারের ঘোষিত অবস্থান। ২৩ নভেম্বর সরকার পুনর্ব্যক্ত করেছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে ২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে ঢাকা। তার প্রস্তাবিত যাত্রার জন্য নয়াদিল্লির সঙ্গে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা করা হয়নি বলেও বাংলাদেশ সরকার জানিয়েছে।

হাসিনার আইনি পরিস্থিতি বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। হাসিনা অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার বৈধতা প্রত্যাখ্যান করেছেন। তবে দেশে ফিরলে মামলাটি মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১,৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। জাতিসংঘ ভুক্তভোগীদের জন্য জবাবদিহি নিশ্চিত করার গুরুত্ব স্বীকার করলেও যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের নিশ্চয়তার ওপর জোর দিয়েছে—বিশেষ করে অনুপস্থিতিতে পরিচালিত বিচার এবং মৃত্যুদণ্ডের ক্ষেত্রে।

এই পরিস্থিতি ভারতকে একটি জটিল আইনি ও কূটনৈতিক অবস্থানে ফেলেছে। ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি দুই দেশের সহযোগিতার একটি কাঠামো তৈরি করেছে; তবে এর অর্থ এই নয় যে প্রত্যর্পণ একটি স্বয়ংক্রিয় প্রশাসনিক প্রক্রিয়া। চুক্তিতে রাজনৈতিক অপরাধসংক্রান্ত ব্যতিক্রম এবং কোন পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে, সে বিষয়ে বিধান রয়েছে। একই সঙ্গে হত্যা ও নির্দিষ্ট ধরনের সহিংসতাসহ কিছু গুরুতর অপরাধকে সাধারণ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতার বাইরে রাখা হয়েছে। এসব বিধান কীভাবে প্রযোজ্য হবে, তা নির্ভর করবে সুনির্দিষ্ট অভিযোগ, দাখিল করা নথিপত্র এবং মামলার বাস্তব পরিস্থিতির ওপর।

সুতরাং, ভারতকে শুধু বাংলাদেশের আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ বিবেচনা করলেই চলবে না; অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তিকে হস্তান্তরের আইনি পরিণতিও পর্যালোচনা করতে হবে। এ ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে: অভিযোগগুলো চুক্তির আওতায় প্রত্যর্পণযোগ্য কি না; রাজনৈতিক অপরাধসংক্রান্ত ব্যতিক্রম প্রযোজ্য কি না; বাংলাদেশের দাখিল করা নথি ও প্রমাণ প্রত্যর্পণের আইনি শর্ত পূরণ করে কি না; বিচারপ্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা কতটা এবং হস্তান্তরের পর হাসিনা তার দণ্ডের বিরুদ্ধে কার্যকরভাবে আপিল বা পুনর্বিচারের সুযোগ পাবেন কি না। তার নিরাপত্তা ও আচরণসংক্রান্ত নিশ্চয়তার বিষয়টিও বিবেচনায় আসতে পারে। নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশের অনুরোধ পর্যালোচনাধীন; তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেনি।
হাসিনার প্রস্তাবিত প্রত্যাবর্তনের একটি রাজনৈতিক মাত্রাও রয়েছে, যা ভারত উপেক্ষা করতে পারে না। ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, দলটির নির্বাচনী নিবন্ধন স্থগিত করা হয় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দলটিকে অংশ নিতে দেওয়া হয়নি। ২০২৬ সালের অক্টোবরের যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মূল্যায়নেও বলা হয়েছে, আওয়ামী লীগ আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং সংসদে প্রতিনিধিত্ব করছে না। তবে দলটির সদস্য, সমর্থক ও রাজনৈতিক পরিচয় এখনো রয়েছে।

ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করে হাসিনা তাঁর রাজনৈতিক প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার, সমর্থকদের সংগঠিত করা এবং আনুষ্ঠানিক রাজনীতি থেকে তাঁর দলের বাদ পড়ার বিষয়টি চ্যালেঞ্জ করার চেষ্টা করতে পারেন। সরকারি ব্যবস্থাপনায় ফ্লাইটের অনুরোধ করে তিনি ঢাকার ওপরও দায়িত্ব চাপিয়েছেন এবং পরোক্ষভাবে ভারতকে রাজনৈতিক বিরোধের সঙ্গে যুক্ত করেছেন। ১৬ ডিসেম্বর তিনি দেশে না ফিরলেও এই ঘোষণা বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ তৈরি করতে পারে এবং দুই সরকারের মধ্যে নতুন কূটনৈতিক প্রশ্নের জন্ম দিতে পারে।

তারিখ নির্বাচনেরও বিশেষ তাৎপর্য রয়েছে। বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে গভীর প্রতীকী গুরুত্ব বহন করে। ১৬ ডিসেম্বরকে বেছে নিয়ে হাসিনা তাঁর প্রত্যাবর্তনের ঘোষণাকে জাতীয় সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের ঐতিহাসিক উত্তরাধিকারের সঙ্গে যুক্ত করছেন। একই সঙ্গে দিনটি তাঁর সমর্থকদের রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার একটি কেন্দ্রবিন্দু তৈরি করছে।

তবে এই ঘোষণাকে আসন্ন প্রত্যাবর্তনের নিশ্চিত প্রমাণ হিসেবে দেখা উচিত নয়। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য হাসিনার নভেম্বরের আবেদন বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। ঢাকা পুনর্ব্যক্ত করেছে, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে। অন্যদিকে, ভারতও তাঁর যাত্রা সহজ করবে বলে কোনো নিশ্চয়তা দেয়নি। দেশে ফেরার ইচ্ছা ঘোষণা করা আর প্রত্যাবর্তনের বাস্তব ব্যবস্থা নিশ্চিত হওয়া এক বিষয় নয়।

হাসিনার ব্যক্তিগত আইনি পরিস্থিতি যেন ভারতের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর সম্পর্ককে অস্থিতিশীল না করে, তা নিশ্চিত করার দায়িত্ব বিএনপি সরকারেরও রয়েছে।

হাসিনা দেশে ফিরলে ঢাকাকে প্রযোজ্য আইনি প্রক্রিয়া কার্যকর করতে হবে এবং একই সঙ্গে তাঁর আটক ও পরবর্তী বিচারপ্রক্রিয়ায় যথাযথ আইনি নিশ্চয়তা বজায় রাখতে হবে। বিচারটি রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হচ্ছে—এমন ধারণা তৈরি হলে বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। একইভাবে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের জবাবদিহির অঙ্গীকার নিয়েও প্রশ্ন উঠতে পারে।

সরকারকে অভিযুক্ত ব্যক্তিদের অপরাধমূলক দায় এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থকদের রাজনৈতিক অধিকারের মধ্যে পার্থক্য করতে হবে। ২০২৪ সালের দমন-পীড়নের জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি যেন অনির্দিষ্টকালের রাজনৈতিক বর্জন বা সামষ্টিক শাস্তির অজুহাত না হয়ে ওঠে। টেকসই গণতান্ত্রিক উত্তরণের জন্য বিশ্বাসযোগ্য বিচারব্যবস্থার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণের সুযোগও প্রয়োজন।

ভারতের জন্যও এই পার্থক্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের নিজস্ব নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত। বিএনপি সরকার ও আওয়ামী লীগের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত সীমান্ত এলাকায় অনিশ্চয়তা তৈরি করতে পারে, দ্বিপক্ষীয় সহযোগিতা ব্যাহত করতে পারে এবং আঞ্চলিক যোগাযোগের ভিত্তিকে দুর্বল করে দিতে পারে।

১৬ ডিসেম্বরের আগে চারটি বিস্তৃত পরিস্থিতি তৈরি হতে পারে। প্রথমত, ভারত হাসিনার দেশত্যাগের অনুমতি দিতে পারে এবং তিনি বাংলাদেশে ফিরতে পারেন। সে ক্ষেত্রে বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে পৌঁছানোর পর তাঁকে গ্রেপ্তার করা হবে। এমন প্রত্যাবর্তনের জন্য বাস্তব পরিবহন-ব্যবস্থা এবং আইনি পরিণতি সম্পর্কে স্পষ্টতা প্রয়োজন।

দ্বিতীয়ত, চুক্তির বিধান ও প্রাসঙ্গিক আইনি নিশ্চয়তা পর্যালোচনা করে ভারত বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ আনুষ্ঠানিকভাবে মেনে নিতে পারে। এতে বিষয়টি দুই দেশের বিদ্যমান আইনি কাঠামোর আওতায় নিষ্পত্তির পথে এগোবে।
তৃতীয়ত, হাসিনার প্রত্যাবর্তন ছাড়াই ১৬ ডিসেম্বর পার হয়ে যেতে পারে। তিনি দেশে ফেরার ইচ্ছা প্রকাশ অব্যাহত রাখতে পারেন, কিন্তু রাজনৈতিক বিতর্কের অবসান নাও ঘটতে পারে।

চতুর্থত, বাস্তবে তাঁর যাত্রা না হলেও ঘোষণাটি বিক্ষোভ, পাল্টা-সংগঠিত রাজনৈতিক কর্মসূচি এবং কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।
সবশেষে, শেখ হাসিনার ১৬ ডিসেম্বরের ঘোষণা শুধু বাংলাদেশের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক উত্তরণের পরীক্ষা নয়; এটি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাস্তববাদী কূটনীতি পরিচালনায় ভারতের সক্ষমতারও পরীক্ষা।
নয়াদিল্লির উচিত প্রত্যর্পণ চুক্তি, প্রযোজ্য আইনি মানদণ্ড এবং স্বচ্ছ কূটনৈতিক যোগাযোগের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা।

ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থ নিহিত রয়েছে একটি স্থিতিশীল, সার্বভৌম ও রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে—কোনো একক নেতার রাজনৈতিক ভাগ্যের সঙ্গে জড়িয়ে পড়ায় নয়। একইভাবে, পারস্পরিক শ্রদ্ধা, পূর্বানুমানযোগ্য কূটনীতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি স্বীকৃতির ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের স্বার্থের অনুকূল।

১৬ ডিসেম্বর হাসিনা বাস্তবে ঢাকায় পৌঁছাবেন কি না, তা এখনো অনিশ্চিত। তবে তাঁর ঘোষণার কূটনৈতিক প্রভাব ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মূল প্রশ্ন এখন শুধু তিনি দেশে ফিরতে চান কি না, তা নয়। বরং নয়াদিল্লি ও ঢাকা তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে আইনি ও রাজনৈতিক বিরোধ কীভাবে সামাল দেবে, যাতে তা দুই দেশের বৃহত্তর কৌশলগত অংশীদারিত্বকে ক্ষতিগ্রস্ত না করে।

১৬ ডিসেম্বরের আসল পরীক্ষা হয়তো হাসিনার দেশে ফেরা নয়; বরং ভারত ও বাংলাদেশ এই একটি রাজনৈতিক ইস্যুকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ওপর প্রভাব বিস্তার করা থেকে কতটা দূরে রাখতে পারে, সেটিই।