পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট প্রতিনিধি জিমি গোমেজ। যৌন অসদাচরণের প্রমাণ মেলায় মার্কিন কংগ্রেস থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি। আগামী ১ ডিসেম্বর তিনি পদত্যাগ করবেন। সোমবার মার্কিন প্রতিনিধি পরিষদের এথিকস কমিটির এক প্রতিবেদন প্রকাশের পর এই ঘোষণা দেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
এথিকস কমিটির প্রতিবেদনে বলা হয়, ৫১ বছর বয়সী গোমেজ ক্ষমতার ভারসাম্যহীনতা উপেক্ষা করে প্রতিনিধি পরিষদের এক নারী কর্মীর প্রতি অবাঞ্ছিত যৌন আচরণ করেছেন। পাঁচ মেয়াদের এই কংগ্রেসম্যান চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে লস অ্যাঞ্জেলেসের আসনটিতে আরেক ডেমোক্রেট প্রার্থী অ্যাঞ্জেলা গঞ্জালেস-টরেসের কাছে প্রায় ২৫ শতাংশ পয়েন্টে হেরে গেছেন এবং বছর শেষে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
সোমবার এক বিবৃতিতে গোমেজ জানান, কমিটির প্রতিবেদনের ফলাফলের সাথে তার তীব্র দ্বিমত রয়েছে, তবে পদত্যাগ করা ছাড়া তার আর কোনো বিকল্প নেই। প্রতিবেদনের গুরুত্ব স্বীকার করে তিনি বিবাহবহির্ভূত ব্যক্তিগত ভুলের সম্পূর্ণ দায়ভার নিচ্ছেন বলেও জানান।
প্রতিবেদনে ‘সাক্ষী ১’ হিসেবে উল্লেখ করা ওই নারী কর্মী কমিটিকে জানান, গোমেজ দুবার তার সাথে অবাঞ্ছিত আচরণ করেছেন—একবার জনসমক্ষে এবং আরেকবার তার কংগ্রেসনাল অফিসে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসির একটি বারে গোমেজ তার সম্মতি ছাড়াই অশালীনভাবে স্পর্শ করেন বলে অভিযোগ করেন তিনি। গোমেজের এই আচরণের কারণে চরম মানসিক চাপে পড়ে ওই নারী চাকরি ছাড়তে বাধ্য হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে যৌন অসদাচরণের অভিযোগে পদত্যাগ করা ক্যালিফোর্নিয়ার আরেক ডেমোক্রেট কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের এক পার্টিতে গোমেজকে এক তরুণী কর্মীকে চুম্বন করতে দেখা গেছে—এমন খবরের সূত্র ধরেই গত আগস্টে দ্বিদলীয় কমিটি এই তদন্ত শুরু করে। ভুক্তভোগী নারীর আইনজীবীরা জানান, ভোটারদের দেয়া ক্ষমতার অপব্যবহার করেছেন গোমেজ এবং কংগ্রেসের ভেতরে থাকা এই ‘বিষাক্ত ও শিকারি সংস্কৃতি’ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
