ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্যারিসের অভিজাত ১৬তম অ্যারোন্ডিসমেন্টের টাউন হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বন্ধুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ও প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা অতিথিদের স্বাগত জানান। বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন, আধুনিকায়ন এবং দেশ-বিদেশে তাদের বিভিন্ন কার্যক্রমের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাহিনীর গঠন ও উন্নয়ন এবং দেশ-বিদেশে সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য কার্যক্রম নিয়ে একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী সময়ে দেশমাতৃকার সেবা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২১ নভেম্বর একটি বিশেষ গৌরবময় দিন। তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ এবং সশস্ত্র বাহিনীর সাহসী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ফ্রান্সে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ফরাসি লেখক, অভিযাত্রী, প্রতিরোধ যোদ্ধা, রাজনীতিবিদ ও সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—কাউন্সেলর পলিটিক্যাল মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
