শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন—এই আলোচনা হবে ভারতের সঙ্গে

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন—এই আলোচনা হবে ভারতের সঙ্গে

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর দিয়েছে রয়টার্স। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জাহেদ বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারত) ওখানে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।’

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’

‘শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে’—বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বলছেন—তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।’

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।