বিশ্বের যেকোনো বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বিশ্বের যেকোনো বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ফন্ট সাইজ:

বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনো একটিতে গেলেও শেখ হাসিনার গ্রেপ্তার এড়ানোর সুযোগ নেই।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা কোথায় আছেন, তা কেউ জানে না। তার চেহারাও দীর্ঘদিন কেউ দেখেননি। তবে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে।

তিনি বলেন, জুলাই-আগস্টে হত্যাকাণ্ড, গুম ও রক্তপাতের ঘটনায় জড়িত এবং বিভিন্ন দেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিদের ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলো থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

শামা ওবায়েদ বলেন, আমাদের ৮৪টা মিশনের যেখানেই যাবেন সেখানেই অ্যারেস্ট হবেন পলাতক হাসিনা।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফিরলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ অবস্থানের কোনো ব্যত্যয় ঘটবে না।

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নিয়ে আলোচনাকে রাজনৈতিক স্টান্ট হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা দেশে এলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন এবং আইন নিজস্ব গতিতে চলবে।

এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তিকে পাসপোর্ট বা এনআইডি দিতে সরকার বাধ্য নয়। এ ক্ষেত্রে সরকার কোনো ব্যত্যয় ঘটাবে না।