ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। গতকাল শিল্পাঞ্চলের অন্তত ৬০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২২টি কারখানা। শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ৩৩টি কারখানায়। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।
গতকাল সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় তিন নারী শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে উৎপাদন বন্ধ রাখেন। কোথাও কোথাও শ্রমিকরা কর্মবিরতি শুরু করলে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
সূত্র জানায়, সকাল ৮টার দিকে নিউ এইজ গ্রুপের শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। তবে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তারা উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় শ্রমিকদের একটি অংশ কারখানার ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় বাসের যাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। পরে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ বাসটির কাঁচ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও দৌড়াদৌড়ি শুরু হয়। এ সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সিরাতুব নামের এক নারী শ্রমিক। রেখা ও সুইটি নামের আরও দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান। তারা সবাই নিউ এইজ গ্রুপের কর্মী। আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, আমাদের শ্রমিক ভাইবোনেরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন এবং তাদের আয়ের উৎস গার্মেন্ট শিল্প যাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে ধ্বংস না হয়, সে জন্য আমরা কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করেছি। যারা এই শিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে এবং অর্থের জোগান দিয়েছে, তাদের অনেককেই ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। মামলা হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে।’ শিল্পাঞ্চলের কারখানা বন্ধ থাকার বিষয়ে শামীমা পারভীন বলেন, ‘এখানে প্রায় ১ হাজার ৮০০টির বেশি গার্মেন্টস কারখানা রয়েছে। এর মধ্যে ২০ থেকে ২২টি কারখানা বন্ধ আছে। এগুলো মূলত মালিকদের অভ্যন্তরীণ বিষয়। তবে ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে আমার দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মালিক-শ্রমিক উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা।’ কারখানার মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কারখানা খোলা রাখুন। আপনাদের নিরাপত্তা দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ রয়েছে।
