যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। স্থানীয় সময় রোববার ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ শীর্ষক এই সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিলের অনুমোদনে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটির নামকরণ করা হয়েছে।
শিকাগোর বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে এই নামকরণের উদ্যোগ গ্রহণ করেন। গত ২৩শে সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেন, যা কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাস হয়।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগের মূল সমন্বয়ক শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্‌দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ এবং ডা. মনজুরুল হক অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে শিকাগোর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।