২৫শে নভেম্বর দুই বছর পূর্ণ হবে ছোট্ট ছেলে আব্রাহামের। জন্মদিনকে ঘিরে ১০ দিনের ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল বাবা আনোয়ার মোল্লার। সন্তানদের সঙ্গে সময় কাটাবেন, ছেলের জন্মদিনে পাশে থাকবেন- এমনই অপেক্ষায় ছিলেন স্ত্রী আনিছা আক্তার। কিন্তু সেই অপেক্ষার শেষ হলো এক মর্মান্তিক খবরে। যে বাবার ফেরার পথ চেয়ে ছিল দুই শিশু, সেই বাবা ফিরেছেন নিথর দেহ হয়ে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা নিহত হওয়ার পর ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের দত্তখণ্ড গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। গতকাল দুপুরে বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। কেউ কাঁদছেন, কেউ নির্বাক হয়ে বসে আছেন। ঘুমে ছেলে আব্রাহাম আর ৬ বছরের মেয়ে আনিকা এখনো বুঝে উঠতে পারেনি, তাদের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় বাবা আর কখনো ফিরে আসবেন না।
আনোয়ারের স্ত্রী আনিছা আক্তারের সঙ্গে আট বছরের সংসার। সংসারের সুখ-দুঃখ, সন্তানদের ভবিষ্যৎ আর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে পুলিশে চাকরি করতেন আনোয়ার। কর্মস্থল থেকে ছুটি পেলেই ছুটে আসতেন পরিবারের কাছে। কিন্তু এবার বাড়ি ফেরার অপেক্ষাটা ছিল একটু অন্য রকম। ২৫শে নভেম্বর ছোট ছেলের জন্মদিন। ছেলেকে ঘিরে পরিবারের আনন্দে যোগ দিতে ১০ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিল তার। হয়তো সন্তানদের জন্য কিছু কেনাকাটার পরিকল্পনাও ছিল। কিন্তু সেই আনন্দের দিন আসার আগেই সবকিছু ওলটপালট হয়ে গেল।
কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী বলেন, ‘রোববার রাত ১০টার দিকে স্বামীকে ফোন দিয়েছিলাম। মোবাইল বন্ধ পাই। ভেবেছিলাম, সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে পড়েছেন। তাই আর ফোন দিইনি। পরে রাত সোয়া ১টার দিকে খবর পাই, আমার স্বামী আর নেই।’ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আনিছা। তিনি বলেন, ‘ছেলেমেয়ে অসুস্থ। দুইদিন পর ছেলের জন্মদিন। ১০ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিল তার। ছেলেমেয়েদের নিয়ে আনন্দ করবেন, আমাদের সঙ্গে সময় কাটাবেন- কতো কিছুই না ভেবেছিলাম।
কিন্তু এখন তিনি আর কখনো বাড়িতে ফিরবেন না। সন্তানদের কী বলে বোঝাবো, তাদের বাবা আর নেই?’ এদিকে, ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা হাবিয়া বেগম। বিলাপ করে তিনি বলেন, ‘আল্লাহ্, তুমি আমারে এ কী করলা! আমি এখন কী নিয়ে বাঁচবো? আমার ছেলেকে ছাড়া আমি কীভাবে থাকবো?’ মায়ের এই আহাজারিতে আশপাশের স্বজন ও প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারছেন না। আনোয়ারের শ্বশুর আ. রহিম বলেন, যারা আমার মেয়েকে বিধবা বানিয়েছে তাদের বিচার চাই। সেই সঙ্গে যে পুলিশ অফিসার তাকে নিয়ে গিয়েছিল তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি কেন আনোয়ারকে এভাবে ফেলে পালিয়ে গেলেন। নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দত্তখণ্ড গ্রামের মৃত যত্তন মোল্লার ছেলে আনোয়ার মোল্লা ২০১৮ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ পুলিশে যোগ দেন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, রোববার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় সহকর্মী এএসআই আব্দুল সাত্তারের সঙ্গে তথ্য অনুসন্ধানের কাজে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন আনোয়ার। এ সময় তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
