সীমান্ত গলিয়ে সিলেটে ঢুকছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের চালান। গোয়েন্দা সোর্সে চালানো অভিযানে এসব চালান ধরা পড়ছে। চলতি মাসে তিনটি বিস্ফোরকের চালান আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাংলাদেশের অভ্যন্তরে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র বিস্ফোরকের চালান আনা হচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন- সম্প্রতি সময়ে সীমান্তে ড্রোন, সার্চ লাইট সহ নানামুখী তদারকি শুরু করায় এসব চালান ধরা পড়ছে। গতকাল জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত এলাকায় বাংলাদেশে ঢোকার মুহূর্তে গোলাবারুদের একটি চালান আটক হয়েছে। বিজিবি জানায়- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও সিরাপ আটক করা হয়েছে।
শ্রীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস’র মধ্যবর্তী স্থান থেকে ৪০০ গজ ভেতরে শ্রীপুর পিকনিক স্পট ঘেরাও করে বিজিবি’র ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি করে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়। ৪৮ ব্যাটালিয়নের বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন- চলতি বছর ব্যাটালিয়নের অধীনে অভিযান চালিয়ে ১০টি অবৈধ, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটর কর্ড উদ্ধার করা হয়েছে। এর আগে ১৭ই নভেম্বর একই ব্যাটালিয়নের সদস্যরা জৈন্তাপুরের খড়মপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উচ্চমানের বিস্ফোরক জেল-৫০টি, নন-ইলেকট্রিক ডেটোনেটর ৪৮টি এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড আটক করে। বিজিবি জানায়- বিস্ফোরক বহনকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চা বাগানের মধ্যদিয়ে দ্রুত পালিয়ে যায়। ১১ই নভেম্বর বিজিবি সদস্যরা জৈন্তাপুরের মিনাটিলা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই ভারতীয় নাগরিককে আটক করে। বিজিবি জানায়- মিনাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস এবং ১২৮২/৯-এস এর মধ্যবর্তী স্থান দিয়ে ২ ভারতীয় খাসিয়া নাগরিক বাতিম তুতা ও টেম্পো শূন্য লাইন পাড়ি দিয়ে ১৫০ গজ অভ্যন্তরে আনারস বাগান এলাকায় প্রবেশ করে। এ সময় তাদের ওই স্থান থেকে গ্রেপ্তার করে জৈন্তাপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও ৩৫ রাউন্ড গুলি, ২টি দা, ২টি ব্যবহৃত মোবাইল ফোন আটক করা হয়েছে। ১৪ই নভেম্বর কানাইঘাটের নুনুছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৪৮টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে। জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি’র নিয়ন্ত্রিত এলাকা সুরাইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১৩১৭ থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের কানাইঘাট উপজেলাধীন সীমান্তবর্তী নুনছড়া চা বাগান এলাকায় বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই বিস্ফোরকের চালান আটক করা হয়। ১৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. সোহেল আলম অভিযান পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন- উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদির উৎস ও মালিকানা শনাক্ত করতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিশেষ টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। গত ২৭শে জুন জকিগঞ্জ উপজেলার সোনাসার সীমান্তে বিজিবি-র্যাবের যৌথ অভিযানে ১টি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ওইদিন রাত ১০টায় জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ বিয়াবাইল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইন থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার নামক স্থানে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে যৌথ আভিযানিক দল সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ওই চালান আটক করে। এদিকে গত ২৫শে জুন মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বড় একটি চালান ধরা পড়েছে। সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি আটক করা হয়েছে।
৫২ বিজিবি’র কর্মকর্তারা জানিয়েছেন- বিওসিটিলা বিওপি’র একটি আভিযানিক দল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন নামক স্থানে অভিযান চালিয়ে ওই চালান আটক করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বহনকারীরা গভীর জঙ্গল দিয়ে পালিয়ে যায়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমাদ সিলেট সীমান্তে অভিযান প্রসঙ্গে জানিয়েছেন- সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবি নিয়মিতভাবে সীমান্ত ও তার আশেপাশের এলাকায় বিশেষ অপারেশন পরিচালনা করছে। এ ছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকল প্রকার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি অভিযান পরিচালনা করে আসছে বলে জানান তিনি।
