ট্রেনের ধাক্কায় স্বামী-সন্তান না ফেরার দেশে পাড়ি দিয়েছে চারদিন আগে। মাথায় গুরুতর আঘাত নিয়ে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তানিয়া। স্বামী ও একমাত্র সন্তান বেঁচে নেই- এই নির্মম সত্যটুকুও জানা হয়নি তার। এরই মধ্যে গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
তানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বজন মুহাম্মদ ফারুক। তানিয়া রামু দক্ষিণ মিঠাছড়ির কাইম্যার ঘোনা এলাকার সাজ্জাদ পারভেজ রুবেলের সহধর্মিণী।
এর আগে শুক্রবার রেলক্রসিং দুর্ঘটনায় স্বামী রুবেল, ছয় মাস বয়সী মেয়ে ইলহাম, ননদ কাশফিয়া, ভাগিনা সাহিল মারা যান। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তানিয়া সুলতানা।
মাত্র পাঁচ মাস আগে মা হয়েছিলেন তানিয়া সুলতানা (২২)। কোল জুড়ে এসেছিল ফুটফুটে কন্যাসন্তান মাশরুফা হোসাইন ইলহাম। মেয়েকে ঘিরেই ছিল তার যত স্বপ্ন, যত আনন্দ। শুক্রবার স্বামী সাজ্জাদ হোসেন রুবেল (৩০)-এর সঙ্গে মেয়েকে নিয়ে একটি পারিবারিক দাওয়াতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠলো জীবনের শেষ আনন্দময় মুহূর্ত। পথে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান স্বামী রুবেল ও পাঁচ মাসের মেয়ে ইলহাম। একই দুর্ঘটনায় মারা যান রুবেলের ছোট বোন কাশফিয়া জান্নাত (২০) ও তার তিন বছর বয়সী ছেলে সাহিল।
শুক্রবার রাতেই নিহত চারজনের মরদেহ রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যার ঘোনা এলাকায় নেয়া হয়। পরে চেইন্দা কাইম্যার ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
