বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকতে হবে। তবে কোনো কর্মকাণ্ড বেআইনি হলে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করলে কিংবা সহিংসতায় উস্কানি দিলে তা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে সরকারের প্রতিক্রিয়া আনুপাতিক হওয়া উচিত বলে মনে করে ইইউ। এক্ষেত্রে সরকার সঠিক পথে আছেন বলে মনে করেন মিলার। দেশে চলমান অস্থিরতার মধ্যে সকল রাজনৈতিক দলের মধ্যে সরকারের প্রচেষ্টাকেও স্বাগত জানিয়েছেন তিনি। মিলারের মতে, রাজনৈতিক উত্তরণে বিভিন্ন দলের মধ্যে বৃহত্তর ঐকমত্য গড়ে তোলা গুরুত্বপূর্ণ। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার প্রশ্নে মিলার বলেছেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো মন্তব্য নেই। তবে অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার, জবাবদিহি, আইনের শাসন এবং বর্তমান সময়ে সহিংসতা পরিত্যাগের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগামী কয়েক মাসের বেশ কয়েকটি কর্মপরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে বক্তব্য দেন মাইকেল মিলার। নির্ধারিত বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
মিলার বলেন, মতপার্থক্য প্রকাশ অস্বাভাবিক কিছু নয়। তবে বেআইনি কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সহিংসতায় উৎসাহ দেয়ার কোনো সুযোগ নেই। ইইউসহ আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সব পক্ষ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে, তবে সহিংসতা ও ঘৃণা ছড়ানোর উস্কানির বিরুদ্ধে।
সরকারের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ আনুপাতিক হওয়া উচিত। তার উপলব্ধি, সরকারের প্রতিক্রিয়া আনুপাতিকই হচ্ছে। দেশে বিভিন্ন ইস্যু একসঙ্গে সামনে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে বৃহত্তর ঐকমত্য গড়ে তোলার প্রচেষ্টাকে উৎসাহিত করছে ইইউ।
আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো মন্তব্য নেই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া পদক্ষেপগুলো তারা লক্ষ্য করেছেন। ইইউ এমন একটি বাংলাদেশ দেখতে চায়, যা স্থিতিশীল ও সমৃদ্ধ। এর জন্য ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বর্তমান সময়ে সহিংসতা পরিত্যাগ এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মিলার বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাব পর্যালোচনা করেছে ইইউ। সেখানে অনেক ভালো ধারণা ও প্রস্তাব রয়েছে। সেগুলোর কোনগুলো বাস্তবায়ন করা সম্ভব, তা চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা।
ঢাকার সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদারে ইইউ’র ছয় পরিকল্পনা: বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝাতে আগামী কয়েক মাসের কর্মপরিকল্পনাও তুলে ধরেন ইইউ রাষ্ট্রদূত। তিনি বলেন, আগামী ডিসেম্বরে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রথম সরাসরি আলোচনা শুরু হবে। জানুয়ারিতে বাংলাদেশ ও ইইউ’র মধ্যে সীমান্ত ও উপকূলরক্ষীর মধ্যে কার্যকরী সমঝোতা নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছরের প্রথমার্ধে উভয় পক্ষের অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করছে ইইউ।
মার্চে ব্রাসেলসে তৃতীয় ইন্দো-প্যাসিফিক মন্ত্রী পর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের জোরালো অংশগ্রহণ প্রত্যাশা করছে ইইউ। অর্থনৈতিক নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও জলবায়ু নিরাপত্তা সেখানে আলোচনায় গুরুত্ব পাবে। এপ্রিলে ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ঢাকায় ব্যবসা ও বিনিয়োগ ফোরামের আয়োজন করবে ইইউ। আর জুনে প্রধানমন্ত্রী ব্রাসেলস সফর করে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন মিলার।
তিনি বলেন, এসব কর্মসূচি আস্থা, ন্যায্যতা ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন। বাংলাদেশের সঙ্গে কার্যকর রাজনৈতিক সংলাপ চলছে এবং আরও গভীর কৌশলগত সহযোগিতা গড়ে তুলতে চায় ইইউ।
ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।
