ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮শে নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি-সংক্রান্ত অন্যান্য সব তারিখ ও সময়সূচি অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে।
এর আগে, গত ১১ই নভেম্বর থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়। প্রাথমিকভাবে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫শে নভেম্বর পর্যন্ত।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ভর্তি পরীক্ষার ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৫ই ডিসেম্বর আইবিএ ইউনিট, ১২ই ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯শে ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২শে ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬শে ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের সময় বাড়ানো হলেও ভর্তি পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
