রূপপুর থেকে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

রূপপুর থেকে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

ফন্ট সাইজ:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রের উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়। রাত ১১টা ৫০ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই দফায় সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম গ্রিড সংযোগের সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় আবারও গ্রিড সংযোগ দেওয়া হয়েছে। এবারের পরীক্ষায়ও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় সংযোগ বিচ্ছিন্ন করা হবে।