ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা থাকলো না। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে, আগামী গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশটি স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার চেম্বার আদালত বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
গত বুধবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন এবং সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ দেন। পাশাপাশি অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখতে অথবা বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি সম্পূরক পরীক্ষা ও পুনর্নিরীক্ষণে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে আবেদন জমা দেয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের জন্য প্রথমবারের মতো সাপ্লিমেন্টারি (সম্পূরক) পরীক্ষার সুযোগ রেখেছে শিক্ষা বোর্ড, যার ফরম পূরণ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী ১লা ডিসেম্বর থেকে এই পুনঃপরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
