চট্টগ্রামে মদপানে দু’জনের মৃত্যু, হাসপাতালে ৮

চট্টগ্রামে মদপানে দু’জনের মৃত্যু, হাসপাতালে ৮

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের মোহরায় একটি অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আটজন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, বিষাক্ত মদপানের কারণে তাদের অসুস্থতার ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই রাতে একটি অনুষ্ঠানে কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সংগীতানুষ্ঠান চলছিল। এ সময় কয়েকজন মদপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন চান্দগাঁও থানার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। অন্যজন রাঙ্গুনিয়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

অসুস্থদের মধ্যে একজন নগরের এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মোহরায় একটি অনুষ্ঠানে ১০ থেকে ১২ জন বিষাক্ত মদ পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘মদপানের পর বিষক্রিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। মরদেহ সৎকারের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।’