যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে বাসিজ বাহিনীর ভূমিকার প্রশংসা ইরানি সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে বাসিজ বাহিনীর ভূমিকার প্রশংসা ইরানি সেনাপ্রধানের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে ভূমিকা রাখায় ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রশংসা করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। একই সময়ে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণের পরিধি বাড়াচ্ছে তেহরান এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

বাসিজ সপ্তাহ উপলক্ষে দেয়া এক বার্তায় হাতামি বলেন, ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ বাহিনী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, হাতামি বলেন- ইসলামি মাতৃভূমি রক্ষায় শত্রুদের অতিরিক্ত দাবি ও ভুল হিসাব-নিকাশের বিরুদ্ধে বাসিজ একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ইরানের বিরুদ্ধে পরিচালিত বলে তেহরান যে তিনটি যুদ্ধকে ‘চাপিয়ে দেয়া যুদ্ধ’ হিসেবে অভিহিত করে, সেগুলোতেও বাসিজের ভূমিকার প্রশংসা করেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধ এবং ২০১৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডেও বাহিনীটির অংশগ্রহণের কথা উল্লেখ করেন হাতামি। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনে পরিচালিত হয় বাসিজ। তবে সরকারবিরোধী বিক্ষোভ দমনের কাজেও এ বাহিনীকে ব্যবহার করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের কর্তৃপক্ষ ‘জানফাদা’ নামে একটি গণসংহতি ও সামরিক প্রস্তুতি কর্মসূচির পরিধি বাড়াচ্ছে। এ কর্মসূচির আওতায় বেসামরিক স্বেচ্ছাসেবীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে ১০ লাখ স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।