যত দ্রুত সম্ভব ইরানে হামলা চালানোর জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। কানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। বরং ইরানে হামলার সিদ্ধান্ত নিতে তিনি অনাগ্রহী।
এদিকে, ইসরাইলের চ্যানেল ১২ রোববার জানিয়েছে, গত সপ্তাহে দেশটির জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানে ইসরাইলি হামলা হলে তা আরও বড় আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এতে লেবানন, সিরিয়া ও গাজাও জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ২২শে নভেম্বর প্রকাশিত দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনেও কান ও চ্যানেল ১২-এর বরাত দিয়ে একই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ইসরাইলের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা আশঙ্কা করছেন, হামলা হলে একাধিক রণাঙ্গনে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
