আইনস্টাইনই সঠিক!

আইনস্টাইনই সঠিক!

ফন্ট সাইজ:

শতবর্ষ আগে আইনস্টাইনের দেয়া ভবিষ্যদ্বাণীই সত্য প্রমাণিত হলো। মানুষের তোলা প্রথম ব্ল্যাকহোলের ছবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করেছেন বিজ্ঞানীরা। নতুন এই গবেষণায় আরও একবার শক্তিশালী হয়েছে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব। মানুষের ইতিহাসে প্রথমবার ধারণ করা একটি অতিভারী ব্ল্যাকহোলের ছবির সত্যতা নিশ্চিত করেছেন বিজ্ঞানীদের একটি স্বতন্ত্র গবেষক দল। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে পদার্থবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের যথার্থতা।

১৯১৫ সালে প্রকাশিত এই তত্ত্বেই প্রথম ব্ল্যাকহোলের অস্তিত্ব এবং এর চারপাশের পরিবেশ কেমন হতে পারে, তার গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানীরা।
২০১৯ সালে বিশ্ববাসীর সামনে প্রকাশ করা হয়েছিল ব্ল্যাকহোলের প্রথম ছবি। ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (ইএইচটি) নামে পৃথিবীজুড়ে বিস্তৃত একাধিক টেলিস্কোপের সমন্বয়ে গঠিত বিশেষ পর্যবেক্ষণব্যবস্থার মাধ্যমে ছবিটি ধারণ করা হয়। এতে দেখা যায় মেসিয়ে ৮৭ (এম৮৭) নামের একটি ছায়াপথের কেন্দ্রে থাকা অতিভারী ব্ল্যাকহোল। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৫ কোটি ৫০ লাখ আলোকবর্ষ। এম৮৭ নামে পরিচিত এই ব্ল্যাকহোলটির ভর সূর্যের ভরের প্রায় ৬৫০ কোটি গুণ। এর ছবি ধারণ করা ছিল বিজ্ঞানের ইতিহাসে এক অসাধারণ অর্জন। তবে প্রশ্ন উঠতে পারে, এত বড় সাফল্যের পরও ছবিটির সত্যতা নতুন করে যাচাই করার প্রয়োজন হলো কেন?

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের (সিএসআইআরও) গবেষক ও নতুন গবেষণার প্রধান স্যামুয়েল লাই ব্যাখ্যা করেছেন, এত দূরের একটি ব্ল্যাকহোলের ছবি তোলা কতটা কঠিন। এক বিবৃতিতে তিনি বলেন, বিষয়টি অনেকটা নিজের বাড়ির উঠানে দাঁড়িয়ে চাঁদের ওপর থাকা একটি ডোনাটের ছবি তোলার চেষ্টা করার মতো। ব্ল্যাকহোলের গঠন সম্পর্কে আরও নির্ভুল তথ্য পেতে স্যামুয়েল লাই ও তার অস্ট্রেলীয় গবেষক দল উন্নত মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করেছেন।

পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর থেকে ইএইচটির মাধ্যমে এম৮৭ পর্যবেক্ষণ করার কারণে ছবিতে যেসব প্রতিবন্ধকতা ও বিকৃতি তৈরি হয়েছিল, সেগুলো দূর করাই ছিল তাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে পৃথিবীর আকারের সমান একটি ভার্চ্যুয়াল টেলিস্কোপ তৈরির জন্য একাধিক টেলিস্কোপের তথ্য একত্র করার সময় যে পক্ষপাত বা ত্রুটি তৈরি হতে পারে, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে। এ জন্য গবেষকরা ‘জেনডাইরেক্ট’ নামের একটি বিশেষ মেশিন লার্নিং পদ্ধতি তৈরি করেন।

স্যামুয়েল লাই বলেন, মূল ইএইচটি তথ্য-উপাত্তে এই পদ্ধতি প্রয়োগ করার পর আমরা প্রায় একই আকার ও আকৃতির একটি ব্ল্যাকহোল পেয়েছি, যা ঐতিহাসিক ইএইচটি ছবির সঙ্গে মিলে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এম৮৭-এর তথ্য বিশ্লেষণের সময় আমাদের মডেলটির ব্ল্যাকহোল দেখতে কেমন, সে সম্পর্কে আগে থেকে কোনো ধারণাই ছিল না।

তিনি আরও বলেন, ইএইচটির ছবির সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে এটিই প্রথম প্রকৃত নিরপেক্ষ পরীক্ষা। বৈজ্ঞানিক প্রক্রিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে এম৮৭ ব্ল্যাকহোলের ছবিতে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রভাব এবং টেলিস্কোপের তথ্য থেকে ছবি তৈরির জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলোর ভূমিকা নিয়ে যে প্রশ্ন ছিল, সেগুলোরও অনেকটাই মীমাংসা হতে পারে।

১৯১৫ সালে আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্ব মহাকর্ষ সম্পর্কে মানুষের প্রচলিত ধারণাকে আমূল বদলে দেয়। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী, ভরযুক্ত বস্তু স্থান ও কালকে বাঁকিয়ে দেয়। স্থান ও কাল একসঙ্গে মিলে তৈরি হয়েছে স্পেসটাইম বা স্থান-কাল। আর এই স্থান-কালের বক্রতার ফলেই সৃষ্টি হয় মহাকর্ষ। কোনো বস্তুর ভর যত বেশি, তার চারপাশের স্থান-কালের বক্রতাও তত বেশি। ফলে ওই বস্তুর মহাকর্ষীয় প্রভাবও শক্তিশালী হয়।

এই ধারণাকে চরম পর্যায়ে নিয়ে গিয়ে বিজ্ঞানী কার্ল শোয়ার্জশিল্ড সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সমীকরণের একটি সমাধান বের করেন। সেখানে এমন একটি অতি ক্ষুদ্র অঞ্চলের ধারণা পাওয়া যায়, যেখানে ঘনত্ব অসীম পর্যায়ে পৌঁছাতে পারে এবং স্থান-কালের বক্রতাও হয়ে ওঠে অসীম। একে বলা হয় সিঙ্গুলারিটি বা মহাকর্ষীয় এককত্ব।