রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

এনসিপি’র সঙ্গে বৈঠক আজ, আলোচনায় ফিরছে জুলাই সনদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী। পরে পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। দলগুলোর সঙ্গে সংলাপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে এই ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া দেয়া হয়েছে। সংলাপের মাধ্যমে দলগুলোর করণীয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া এই সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিরোধী দলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেয়ার পাশাপাশি এই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি চাপ প্রয়োগ করবে এমন ইঙ্গিত মিলেছে। এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী ঐক্যে এখন কেন ফাটল ধরেছে, এর পেছনে কারণ কী তা নিয়েও প্রশ্ন তুলতে পারে বিরোধী দলগুলো। এনসিপিকে দিয়ে আজকে সংলাপের শুরু হলেও অন্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি’র প্রতিনিধিদল সাক্ষাৎ করবে বলে জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এই সংলাপ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হওয়ার কথা রয়েছে।
সংলাপ নিয়ে বিএনপি এবং সরকারের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে মানবজমিনের। তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মধ্যদিয়ে রাজনৈতিক বিভাজন কাটিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আবারো একটি অভিন্ন অবস্থানে আনার চেষ্টা করা হচ্ছে। সংলাপে রাজনৈতিক দলগুলোর দাবি-দাওয়া থাকতে পারে। এগুলো নিয়েও আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান মানবজমিনকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে করবেন। রাষ্ট্র পুনর্গঠন এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেজন্য প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন।

এনসিপি’র নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মানবজমিনকে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের সংলাপে এনসিপি’র ৪ সদস্যের একটি টিম যাবে বলেও জানিয়েছেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াতে ইসলামী, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এবি পার্টিসহ সংলাপের আমন্ত্রণ পায়নি। তবে আমন্ত্রণ পেলে তারা সংলাপে অংশগ্রহণ করবে বলে সংশ্লিষ্ট দলগুলো জানিয়েছে। এ ছাড়া বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান দেশের বাইরে রয়েছেন। তিনি আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরতে পারেন। তার দেশে ফেরার পর জামায়াতের সঙ্গে সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মানবজমিনকে বলেন, তারা এখনো সংলাপের আমন্ত্রণ পায়নি। তবে আমন্ত্রণ পেলে তারা সংলাাপে অংশগ্রহণ করবেন। সংলাপে তারা সরকারের দুর্বলতা এবং আইনশৃঙ্খলা নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন সাইফুল হক।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মানবজমিনকে বলেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপ করবেন শুনেছি। এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তারিখ আমাদের জানা নেই।
এদিকে প্রধানমন্ত্রী সংসদ এবং বাইরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে একমঞ্চে আসার আহ্বান জানিয়েছিলেন সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে। তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন। ওদিকে সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সংসদের সমাপনী দিন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে সাক্ষাৎও করেন।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানবজমিনকে বলেন, তারা সংলাপের আমন্ত্রণ এখানো পায়নি। আমন্ত্রণ পেলে সংলাপে অংশগ্রহণ করবেন।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ মানবজমিনকে বলেন, এবি পার্টি এখনো সংলাপে আমন্ত্রণ পায়নি। আমন্ত্রণ পেলে সংলাপে যাবে। জাতীয় স্বার্থে যেকোনো ঐক্যমতে আমরা থাকবো। তবে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটা কেনো বিভক্তি হলো-তার আত্মসমালোচনা করা দরকার। এজন্য বর্তমান সরকারের কী কী দায় রয়েছে, তাও জানা দরকার। সেটা নিয়ে সংলাপে আমরা আলোচনা করবো।