তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ থাকা এবং কারখানার ক্ষতি মিলিয়ে ৩১৭টি কারখানার সরাসরি প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে। এ ছাড়া ক্রেতাদের আস্থায় চিড় ধরা এবং সময়মতো পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিদেশি ক্রেতারা প্রায় ২৫৪ মিলিয়ন ডলার (প্রায় ৩,০৯৬ কোটি টাকা) মূল্যের নিশ্চিত ক্রয়াদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এই স্থানান্তরিত অর্ডারের পরিমাণ প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এসব তথ্য জানায়।
এতে বলা হয়, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে অক্টোবর থেকে পোশাক শ্রমিকরা রাস্তায় নামলেও চলতি মাসের শুরু থেকে অসন্তোষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিজিএমইএ মূলত চলতি মাসের শুরু থেকে হওয়া ক্ষতির চিত্রই তুলে ধরেছে।
ক্ষতির পরিমাণ নিরূপণে ১লা নভেম্বর থেকে ১৮ই নভেম্বর-এই ১৮ দিনে চলা অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, তার তথ্য জানাতে সম্প্রতি সদস্য কারখানাগুলোতে চিঠি দেয় বিজিএমইএ। রোববার পর্যন্ত ৩১৭টি কারখানার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ হিসাব তৈরি করা হয়েছে।
সরাসরি এই ক্ষতির বাইরেও সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশই এখন চরম ঝুঁঁকিতে রয়েছে বলে উল্লেখ করেছে বিজিএমইএ। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকী সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে; যা এই হিসাবের মধ্যে আসেনি।
বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়, প্রকৃত ক্ষতির ভয়াবহতা আরও ব্যাপক এবং জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাব অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এরও অধিক। অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে।
তদুপরি, জরিপের সময়সীমা ১৮ই নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনো চলমান রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও বেশি বলে জানিয়েছে সংগঠনটি।
