সুদিন আর নেই গুলিস্তানের

ফন্ট সাইজ:

জমজমাট ক্রেতা সমাগমের সঙ্গে কেনাবেচার ধুম লেগে থাকতো গুলিস্তানের মার্কেটগুলোতে। এই চেনা চিত্র এখন আর নেই। ক্রেতা কমেছে। কমেছে বিক্রিও। রাজধানীর বায়তুল মোকাররম, পীর ইয়ামেনী মার্কেট, বঙ্গবাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের কয়েক বছরের তুলনায় তাদের বেচাকেনা উল্লেখযোগ্য হারে কমেছে। দোকানে পণ্যের মজুত থাকলেও ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে। আয় কমে গেলেও দোকানভাড়া, কর্মীদের বেতন, সংসারের ব্যয় ও ঋণের বোঝা বহন করতে হচ্ছে। সব মিলিয়ে ব্যবসা পরিচালনা ও টিকে থাকাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পীর ইয়ামিনী মার্কেটের কাপড় ব্যবসায়ী সেলিম আহমেদ পাইকারি ও খুচরা- দুই ধরনের ব্যবসাই করেন। তার ভাষ্য, একসময় এই এলাকায় ক্রেতার ভিড় লেগে থাকতো। ১০ বছর আগে দিনে প্রায় ৫০ হাজার টাকার কাপড় বিক্রি হতো। এখন অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও দুই-তিনজনের বেশি ক্রেতা আসেন না। এলেও অনেকে দাম জেনে চলে যান। সেলিম আহমেদ বলেন, দোকান ভাড়া মাসে ২৫ হাজার টাকা, ব্যবসা কমে যাওয়ায় কর্মীদের বেতন দেয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ব্যবসা টিকিয়ে রাখতে ২৫ লাখ টাকার জমি বিক্রি করেছি এবং মানুষের থেকে প্রায় ৫ লাখ টাকা ধারদেনা করছি।

একই মার্কেটের কাপড় ব্যবসায়ী আমির হোসেন প্রায় ১৫ বছর ধরে ব্যবসা করছেন। তার দোকানে পাইকারি ও খুচরা- দুই ধরনের বিক্রি হয়। তিনি বলেন, বাইরের দেশ থেকে কাপড় আমদানি করতে গেলে অতিরিক্ত ট্যাক্সের পাশাপাশি সরকারকে ভ্যাট দিতে হয়। আগে প্রতিদিন ভালো টাকার পণ্য বিক্রি হতো। এখন অনেক দিন সন্ধ্যা পর্যন্ত বসেও প্রথম বিক্রি হয় না। বিক্রি কমে যাওয়ায় কর্মীদের বেতন ও দোকানের দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। আমির হোসেন বলেন, মানুষের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য নেই। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, শ্রমজীবী ও দিনমজুরদের অনেকেই নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। ব্যবসার এই খারাপ পরিস্থিতি আমাকে ঋণের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। অনলাইনে পোশাক কেনাকাটার সুযোগ বাড়ায় বাজারের দোকানে ক্রেতা আসা কমেছে বলে জানান তিনি। ঘরে বসে পছন্দের পণ্য কেনার সুবিধা থাকায় অনেকে এখন সরাসরি বাজারে আসতে চান না। তবে অনলাইন কেনাকাটার পাশাপাশি মানুষের হাতে অর্থের সংকটও ক্রেতা কমার একটি কারণ।

বায়তুল মোকাররম মার্কেটের আমিন জুয়েলার্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মিঠুন দাস প্রায় ৪০ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। তার স্মৃতিতে, একসময় দোকানে এত বিক্রি হতো যে কর্মীদের দুপুরের খাবার খাওয়ারও সময় পাওয়া কঠিন ছিল। তখন দোকানে ৩০ জন কর্মী কাজ করতেন। এখন সেই চিত্র নেই। তার হিসাবে, আগের তুলনায় ব্যবসা প্রায় ৭৫ শতাংশ কমে গেছে। বিক্রি দিয়ে কর্মীদের বেতনসহ দোকানের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।

একই মার্কেটের বই বিক্রেতা মনির আহমেদের ব্যবসার অভিজ্ঞতা আরও দীর্ঘ। ১৯৭৭ সাল থেকে তিনি সেখানে বই বিক্রি করছেন। এত দীর্ঘ সময়ে বাজারের এমন অবস্থা দেখেননি বলে জানান তিনি। তার দোকানে বই আছে, ক্রেতার জন্য অপেক্ষাও আছে কিন্তু বিক্রি নেই বললেই চলে। দিনের বড় একটা সময় ক্রেতা ছাড়াই বসে থাকতে হয়। মনির আহমেদ বলেন, মানুষ আগে খাবার, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর চেষ্টা করে। এরপর হাতে টাকা থাকলে বই কেনে। কিন্তু এখন অনেকেরই সেই বাড়তি টাকা থাকছে না। ফলে বইয়ের মতো পণ্যের বাজারে ক্রেতা কমে গেছে। তার মতে, কয়েক বছর আগের তুলনায় চলতি বছরের পরিস্থিতি অনেক খারাপ। এভাবে চলতে থাকলে বইয়ের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

ব্যবসার পরিস্থিতি তুলনামূলকভাবে খারাপ নয় বলে জানিয়েছেন কসমেটিকস ব্যবসায়ী শরিফ আহমেদ। তিনি জানান, অন্যান্য পণ্যের ব্যবসায়ীদের মতো তাদের ব্যবসায় খুব বেশি মন্দা দেখা দেয়নি। ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনা মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মানুষের বাড়তি জীবনযাত্রার ব্যয়ের প্রভাব বাজারের সব ধরনের ব্যবসার ওপরই কমবেশি পড়ছে।

বঙ্গবাজার: আগের ব্যস্ততা নেই, পুঁজি ধরে রাখাই কঠিন
বঙ্গবাজারের ব্যবসায়ী মফিজ উদ্দিন জুতা ও ব্যাগসহ বিভিন্ন পণ্য বিক্রি করেন। তিনি বলেন, কোভিড ১৯ ও ২০২৩ সালের বঙ্গবাজারের অগ্নিকাণ্ড আমার জীবন নিঃস্ব করে দিয়েছে। কোভিড ১৯-এর পর আমার ব্যবসায় বড় ধাক্কা লাগে। তারপর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘদিন দোকানহীন অবস্থায় ছিলাম। ধারদেনার মাধ্যমে এখানে অস্বায়ীভাবে আবার ব্যবসা শুরু করেছি প্রায় ২ বছর। অতীতের করা দেনা এখনো শোধ করতে পারি নাই। নতুন করে দোকান পেয়ে ব্যবসা শুরু করলেও আগের অবস্থায় ফিরতে পারেননি। তিনি বলেন, আগে বিক্রির ব্যস্ততায় অন্য কাজ করার সময় পাওয়া যেতো না। এখন বিক্রি কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী পুঁজি ভেঙে খাচ্ছেন, কেউ কেউ ঋণ করে সংসার ও ব্যবসা চালাচ্ছেন।

গুলিস্তানের ফুটপাথ: অনিশ্চয়তার মধ্যেও জীবিকার লড়াই
শুধু মার্কেটের দোকানেই নয়, গুলিস্তানের ফুটপাথের ব্যবসায়ীদের মধ্যেও অনিশ্চয়তা দেখা যাচ্ছে। মুন্সীগঞ্জের বাসিন্দা কামরুল ইসলাম প্রায় ৩০ বছর ধরে ঢাকায় থাকেন। গুলিস্তানের ফুটপাথে জুতা, স্যান্ডেল ও পোশাক বিক্রি করেন। তার ভাষ্য, ক্রেতারা আগের মতো কেনাকাটা করেন না। বিক্রি থেকে যা আয় হয়, তা দিয়ে নিজের খরচ চালানোই কঠিন।
কামরুল ইসলামের ব্যবসায় আরেকটি অনিশ্চয়তা হলো ফুটপাথে স্থায়ীভাবে বসতে না পারা। আবার কেউ কেউ চাঁদা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। কামরুলের দাবি, ফুটপাথ থেকে উচ্ছেদ করা হলে তাদের জন্য বিকল্প কোনো নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা উচিত, যাতে তারা বৈধভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারেন।