ভালো নেই নিউমার্কেট

ভালো নেই নিউমার্কেট

ফন্ট সাইজ:

রাজধানীর ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র নিউ সুপার মার্কেট। নাগালের মধ্যে কম দামে প্রয়োজনীয় সব রকম পণ্য কিনতে মানুষ ভিড় করেন নিউমার্কেটে। এই মার্কেটে ছোট-বড় সাড়ে ১২শ’ দোকানপাট গড়ে উঠেছে। যার বেশির ভাগই পোশাক ও সাজ-সজ্জা ও গৃহস্থালি সামগ্রীর। জমজমাট এই বাণিজ্যালয়ের বিক্রেতারা বলছেন, সম্প্রতি এই মার্কেটেও বিক্রিতে ভাটা পড়েছে। অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। ক্রেতার অভাবে লোকসানের মুখে পড়ছেন বলে দাবি তাদের।

গতকাল সরজমিন মার্কেট ঘুরে দেখা যায়, শীতের মৌসুম শুরু হলেও মার্কেট অনেকটাই ফাঁকা। বিক্রেতারা হাঁকডাক দিচ্ছেন। বেশির ভাগ দোকানেই খুব একটা ক্রেতা দেখা যায়নি। শীতের পোশাকের অনেক দোকানই ফাঁকা দেখা গেছে। প্রতিটি ফ্লোরে হাতেগোনা কয়েকটি দোকানে ভিড়-ভাট্টা দেখা গেছে।
বিভিন্ন প্রকারের দোকানের অন্তত ২৫ জন বিক্রেতার সঙ্গে কথা বলেছে মানবজমিন। ব্যবসায়ীরা জানিয়েছেন, মোটাদাগে বললে আগের তুলনায় ব্যবসায় অর্ধেকেরও বেশি কমে গেছে। মাঝারি আকারের একটি দোকানে আগে দিনে ২০ থেকে ৩০ হাজার টাকা বিক্রি হলে তা এখন নেমেছে ১০ থেকে ১২ হাজারে বা তার আশপাশে। ব্যবসায়ীদের দাবি, তাদের অনেকেই এখন দোকানের প্রতিদিনকার খরচ মিটিয়ে লভ্যাংশ তুলতেই হিমশিম খাচ্ছেন।

মার্কেটের আইডিয়াল ফ্যাশনের মোহাম্মদ আব্দুল বলেন, নাগরিকদের টাকা-পয়সা কমে গেছে কিনা সেটা বলবো না; জিনিসপত্রের সবকিছুরই দাম বেড়ে গেছে। তিনি বলেন, মানুষের আয় যেহারে বেড়েছে খরচ তার চেয়ে বেশি বেড়েছে। এ কারণে মানুষ কেনাকাটা কমিয়ে দিচ্ছে। তিনি বলেন, ব্যবসা না হওয়ায় কয়েক মাস আগে দু’-তিনজন ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে চলে যায়। এই মুহূর্তে ছাড়ছে না কারণ, সামনে রমজান। একটু খারাপ সময় গেলেও রমজানে যাতে পুষিয়ে উঠতে পারে।

হালদার গার্মেন্টসের মোহাম্মদ মতিউর রহমান বলেন, ২০২০ সালের করোনার পর থেকে যে ব্যবসার পরিস্থিতি খারাপ হয়েছে তা এখনো ওই রকমই রয়ে গেছে। এখনো আগের অবস্থায় ফেরেনি।
নিউ লাইফ ফ্যাশনের সাদি বলেন, দুপুর হয়ে গেছে, এখনো বিক্রি শুরুই করতে পারিনি। আগে এই নভেম্বর মাসে শীতের বেচাকেনার হিড়িক পড়ে যেতো। আর এখন কাস্টমার খুঁজে পাওয়া যায় না। ঢাকা শহরে নভেম্বর থেকেই শীতের বেচাকেনা আরম্ভ হয়। কারণ যারা ঢাকার বাইরে যায়, তারা আগে থেকেই কেনাকাটা করে নিয়ে যায়। অথচ এখন পরিস্থিতি বলার মতো না। সব জিনিসপত্রের দামই বেড়ে গেছে। টাকা-পয়সার মান কমে গেছে। বাজারে গেলে বোঝা যায় যে টাকার মান কোথায়। তিনি বলেন, আমার দোকান ভাড়া দিনপ্রতি ২ হাজার টাকা। বিদ্যুৎ বিল, দারোয়ান, জেনারেটর- মিলিয়ে ৫০০। খাবারসহ ৩-৪ হাজার টাকা প্রতিদিন। অথচ বিক্রি করে উঠছে ৫ হাজার টাকার মতো
মো. হৃদয় নামের আরেকজন বিক্রেতা বলেন, দিন দিন ক্রেতা উধাও হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ঢাকার কিছু কিছু মার্কেট তো অলরেডি বন্ধই হয়ে গেছে, আবার বন্ধ হওয়ার পথে আছে কিছু। মানুষের ক্রয় ক্ষমতা কমেছেই, অনলাইনে বিক্রির জন্য কিছুটা ভাটা পড়েছে। মানুষ সবাই অনলাইনেই অর্ডার দেয় ঘরের বসে। দিদার ফ্যাশনের আল-আমিন বলেন, প্রতিদিন বিক্রি এক হয় না, শুক্রবার-শনিবারের দিন থাকলে কেনাবেচা কিছুটা ভালো হয়।

এদিকে মার্কেট মালিক সমিতি বলছে, নিউ মার্কেটের বিক্রি কমার আরেকটি কারণ- সরকারের নির্দেশিকা মেনে মার্কেট স্থাপন না করা। যত্রতত্র মার্কেট তৈরি করে উল্টা যানজট সৃষ্টি করা হয়। এখন প্রতিটি এলাকায় মার্কেট হয়ে গেছে, মানুষ যানজট ঠেলে নিউ মার্কেটে আসতে চায় না। আরেকটি বড় কারণ যেখানে সেখানে হকার বসা। মানুষ কম দামে হকারদের ভাসমান দোকান থেকে কেনাকাটা করে নিচ্ছেন। ফলে দোকান ভাড়া দিয়ে মার্কেটে বসা বিক্রেতারা লোকসানের মুখে পড়ছেন। তারা বলছেন, নিউ মার্কেটে দেশের সর্বনিম্ন দামে পণ্য কিনতে পারে বলে; সব ধরনের জিনিসপত্র এক কমপ্লেক্সের ভেতর পাওয়া যায় বলেই দূর-দূরান্ত থেকে এই মার্কেটে ক্রেতা আসে। আশপাশের অন্যান্য প্লাজাসহ এই এলাকায় সাড়ে তিন হাজারের বেশি দোকান রয়েছে। পোশাকের বাইরেও ক্রোকারিজ, ইলেকট্রনিক্সসহ সব আইটেম পাওয়া যায়। মাছ-তরকারি কাঁচাবাজারও আছে পাশে।

ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান ফারুক মানবজমিনকে বলেন, মার্কেটে ক্রেতা আসলেই আগের তুলনায় অনেকটাই কমে গেছে। ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছে।