ঝুঁকিতে বিমানবন্দরের থার্ড টার্মিনালের নিরাপত্তা

ঝুঁকিতে বিমানবন্দরের থার্ড টার্মিনালের নিরাপত্তা

ফন্ট সাইজ:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। ঝুঁকিতে রয়েছে হ্যাঙ্গার গেটও। গোয়েন্দারা ধারণা করছেন, থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেটে নাশকতা চালাতে পারে দুর্বৃত্তরা। এমন তথ্য পাওয়ার পর পরই নড়েচড়ে বসেছেন বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্টরা। দু’টি স্থাপনায়ই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া, সার্বক্ষণিক নজরদারিও করা হচ্ছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে। দায়িত্ব পালনকারী বেসামরিক কর্মীদের ওপরও বাড়ানো হয়েছে নজরদারি। সংশ্লিষ্টরা বলছেন, বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল নির্মাণের পর দীর্ঘদিন ধরে পড়ে আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটি চালুর উদ্যোগ নিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ই ডিসেম্বর ছোট পরিসরে এটি উদ্বোধন করা হবে। এখন উদ্বোধনী প্রক্রিয়ার অংশ হিসেবে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। অত্যাধুনিক এই টার্মিনাল নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ রয়েছে।

সূত্রগুলো বলছে, উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালে নাশকতা চালানো গেলে দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হবে। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি গুরুত্ব পাবে। একইসঙ্গে দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ তৈরি হবে। নাশকতা সফল হলে টার্মিনালটির উদ্বোধন পিছিয়ে দেয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। এসব লক্ষ্য থেকেই স্থাপনাটিকে টার্গেট করা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। কারণ দেশ জুড়ে একটি গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি শাহজালাল বিমানবন্দরের প্রবেশপথগুলোতেও একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ছাড়া, রাজশাহী বিমানবন্দর ঘিরেও বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। সেখানে উচ্চমাত্রার দু’টি গ্রেনেড পাওয়া যায়। নাশকতাকারীরা সুযোগ না পেয়ে গ্রেনেড দু’টি বাইরে রেখে যায়।

গোয়েন্দাদের ধারণা, আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়ার লক্ষ্যেই বিমানবন্দরকে নাশকতার টার্গেট করা হয়েছে। বিশেষ করে থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেটের মতো গুরুত্বপূর্ণ দু’টি স্থাপনাকে বেছে নেয়া হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। থার্ড টার্মিনাল এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকের সদস্যদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। গোয়েন্দাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। এরপর থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে থার্ড টার্মিনাল এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। টার্মিনালসংলগ্ন সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশে ২৪ ঘণ্টা নজরদারি করা হচ্ছে। এ কাজে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সব সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।

এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম মানবজমিনকে বলেন, এয়ারপোর্ট একটা সংবেদনশীল এরিয়া এবং সরকারের কেপিআই স্থাপনা। তাই আমার মনে হয় বিমানবন্দরগুলোতে একটু অধিকতর সিকিউরিটি জোরদার করতে হবে। দুষ্কৃতকারীদের জন্য বিমানবন্দর একটি অ্যাটাকটিভ লোকেশন। টু গেট নোটিশড বাই দ্য পিপল বাই দ্য ওয়ার্ল্ড। তাই এখানে আমার মনে হয় একটু সতর্ক হওয়া উচিত। সতর্কতা নেয়া উচিত, যাতে এটা প্রোটেক্ট করা যায়।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল মানবজমিনকে বলেন, বিমানবন্দরে আমরা সব সময় হাই সিকিউরিটি অ্যালার্ট রাখি। অডিট পিরিয়ডে আমরা যে সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করেছি, সেটাকে বহাল রাখতে বলেছি। এয়ারপোর্টটা যেহেতু কেপিআই, তাই দেশের চলমান পরিস্থিতিতে সকল এয়ারপোর্ট কর্মকর্তাকে সতর্ক থাকতে বলেছি। যেহেতু এটা কেপিআই, তাই সবাই সতর্ক থাকবে।