শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ফন্ট সাইজ:

১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে একটি নীতিমালা প্রণয়নের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই নীতিমালা প্রণয়নে অবিলম্বে সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জনস্বার্থে রিট আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ অনুযায়ী-টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যানকে এই নির্দেশ পালন করতে হবে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তারা নানাভাবে প্রভাবিত হচ্ছে এবং অনেকের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো বিষয়গুলো দেখা যাচ্ছে। ফলে শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি জানান, হাইকোর্ট আদেশের পাশাপাশি রুলও জারি করেছেন। রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই নীতিমালা প্রণয়ন ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিরূপণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন। বিবাদীদের আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে মন্তব্য করেন রিটকারী আইনজীবী।
উল্লেখ্য, রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়- ঢাকার প্রতি ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়, যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিক সুপারিশকৃত সময়সীমার চেয়ে অনেক বেশি। গবেষণায় অংশ নেয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করছে। এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।