প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান; যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই প্রধান পরিচয় হবে বলে মন্তব্য করেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গতকাল রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়াদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান ৭টি ঘরের চাবি হস্তান্তর করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান; যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ- এই চেতনাই প্রধান হবে। আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ্।
এ সময় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জুবাইদা রহমান। তিনি বলেন, শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তাকে হারাতে হয়েছে।
শাহরিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে ডা. জুবাইদা বলেন, মহান আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম উল্লেখ করে তাদের প্রতি সমবেদনা জানান তিনি।
এ সময় শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ নম্বর সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।
মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার- জুবাইদা রহমান
স্টাফ রিপোর্টার
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
