দাম কমায় বেড়েছে ক্রেতা, আগের মতোই স্বর্ণের বিক্রি

দাম কমায় বেড়েছে ক্রেতা, আগের মতোই স্বর্ণের বিক্রি

ফন্ট সাইজ:

দেশের বাজারে রেকর্ড পরিমাণে কমেছে স্বর্ণের দাম। নভেম্বর মাসে ৮ দফায় ভরিপ্রতি দাম ২৮ হাজার ৫১৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। দাম কমায় স্বর্ণের বেচাকেনা বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেট ঘুরে দেখা যায়, দাম কমায় ক্রেতাদের আনাগোনা বেড়েছে। তবে বিক্রি বাড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা। বায়তুল মোকাররম মার্কেটের আল-রাজি জুয়েলার্সের ইউনুস আলী রাজু বলেন, বহুদিন পর স্বর্ণের দামে বড় অঙ্কের দরপতন হয়েছে। দাম কমায় বিক্রি কিছুটা বেড়েছে। কেবল তো দাম কমেছে। আগামীতে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছি।

উত্তরা জুয়েলার্সে কাজ করেন মোহাম্মদ কাকন। তিনি জানান, স্বর্ণের দাম কমার কারণে আশানুরূপ বেচাকেনা হচ্ছে না। তবে ডিসেম্বর-জানুয়ারি বিয়ের মৌসুম। তখন বিক্রি বাড়তে পারে। আর স্বর্ণের দাম কমলে মানুষ ভাবে, আরও কমবে। বেশির ভাগ ক্রেতাই এমন চিন্তা করে বসে থাকেন। তারা ভাবেন দাম আরও কমলে তখন কেনাকাটা করবো। আপন জুয়েলার্সের আব্দুস সালাম বলেন, দাম কমার পর বেচাকেনায় তেমন কোনো প্রভাব এখনো পড়েনি। ক্রেতাদের আনাগোনা বেড়েছে, এটুকুই। সত্যি বলতে, আমাদের এই ব্যবসায় পণ্যের দাম বাড়লে চাহিদাও বাড়ে। দাম কমলে চাহিদা কমে যায়।

বিক্রেতারা বলেন, ক্রেতাদের একটি ধারণা-একবার স্বর্ণের দাম কমার অর্থ দাম আরও কমবে। সেজন্য অপেক্ষায় থাকেন ক্রেতারা। এ কারণে এখনো অনেকে স্বর্ণের বাজারমুখী হচ্ছেন না বলে জানান স্বর্ণ বিক্রেতারা। বাজারের পরিস্থিতি ও মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেলে বেচাকেনা বাড়তে পারে বলে আশা করছেন তারা। স্বর্ণের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে পারলে বেচাকেনা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমা উচিত বলে জানিয়ে বাজুসের সভাপতি এনামুল হক খান বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলে দেশের বাজারেও স্বর্ণের দাম কমবে। তিনি মানবজমিনকে জানান, স্বর্ণের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছিল। ওই দাম থাকলে মানুষ কিনবে কীভাবে! তখন ব্যবসার অবস্থাও খারাপ ছিল। এখন দাম কিছুটা অনুকূলে এসেছে। তবে দাম আরও কমা উচিত। দাম কমলে মানুষ স্বর্ণ কেনা বাড়াবে। কারণ আমাদের দেশের মানুষ তো স্বর্ণ পছন্দ করেন। দাম কমলে তারা অবশ্যই স্বর্ণ কিনবেন।

স্বর্ণের দাম কমলেও নাগালের মধ্যে আসেনি বলে জানাচ্ছেন ক্রেতারা। হাফিজুল ইসলাম বলেন, দাম কমার কথা শুনে মার্কেটে আসলাম। একটি নাকফুল দেখলাম ২১ ক্যারেটের, কিন্তু এই দামেও পোষাচ্ছে না। দাম কমলেও আমাদের সাধ্যের মধ্যে আসেনি। আল-আমিন তুষার জানান, স্বর্ণের যে দাম, সেখানে কমেছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এই দাম কমায় আমাদের কোনো সুবিধা হয়নি। এখনো স্বর্ণের দাম সাধ্যের বাইরে। আমাদের মতো কর্মজীবী শ্রেণির মানুষের জন্য বর্তমান মূল্যে স্বর্ণ কেনাও কঠিন।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম পড়বে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ভরিপ্রতি ২১ ক্যারেটের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। ভরিপ্রতি ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকায় পাওয়া যাচ্ছে সনাতন পদ্ধতির স্বর্ণ। বাজুসের তথ্য অনুযায়ী, ২০শে নভেম্বর ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা। এর আগে ১৯শে নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ ও ১৪ই নভেম্বর যথাক্রমে ২ হাজার ২১৬ টাকা করে কমেছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ১৩ই নভেম্বর কমেছে ২ হাজার ১৫৮ টাকা, ১২ই নভেম্বর কমেছে ২ হাজার ২১৬ টাকা। ১১ ও ৬ই নভেম্বর যথাক্রমে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৭৪১ টাকা।