ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশিকা অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯শে ডিসেম্বর। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কেন্দ্রীয় লটারি হবে ১৫ই ডিসেম্বর সকাল ১১টায়।
এ বছর রাজধানীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি বিদ্যালয়ের সংযুক্ত ফিডার শাখাকে ‘এ’, ‘বি’ ও ‘সি’- এই তিন গ্রুপে ভাগ করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
গতকাল মাউশি’র উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব মো. জাকির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ গ্রুপের পরীক্ষা ১৭ই ডিসেম্বর, ‘বি’ গ্রুপের ১৮ই ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের পরীক্ষা ১৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তিন গ্রুপেই দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ‘এ’ ও ‘সি’ গ্রুপে বেলা ২টা থেকে বিকাল ৪টা এবং ‘বি’ গ্রুপে বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
ভর্তি পরীক্ষার মানবণ্টনও নির্ধারণ করেছে মাউশি। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য এক ঘণ্টার ৫০ নম্বরের পরীক্ষা হবে। এতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে দুই ঘণ্টার ১০০ নম্বরের। এতে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৭ (সংশোধিত)’ অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো নিজ নিজ নোটিশ বোর্ডে ভর্তি কার্যক্রমের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পরদিন সকাল ১০টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। এ সময় কোটার স্বপক্ষে প্রমাণপত্র দেখাতে হবে। তা দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তির অযোগ্য হবে। সেক্ষেত্রে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে।
‘এ’ গ্রুপে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি, তেজগাঁও সরকারি, মতিঝিল সরকারি বালিকা, খিলগাঁও সরকারি, নবাবপুর সরকারি, নিউ গভ. গার্লস, ইসলামিয়া সরকারি, ধানমণ্ডি কামরুন্নেছা সরকারি বালিকা, রূপনগর সরকারি, আজিমপুর গভ. গার্লস, উত্তরখান সরকারি, কামরাঙ্গীর চর সরকারি, কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক, সরকারি জামিলা আইনুল আনন্দ, সরকারি মোহাম্মদপুর মডেল এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।
‘বি’ গ্রুপে রয়েছে মতিঝিল সরকারি বালক, নারিন্দা সরকারি, ঢাকা গভ. মুসলিম, বাংলাবাজার সরকারি বালিকা, শেরে বাংলা নগর সরকারি বালক, গভর্নমেন্ট মডেল, ধানমণ্ডি সরকারি বালিকা, মোহাম্মদপুর সরকারি, হাজী এম এ গফুর সরকারি, ঢাকা বিমানবন্দর সরকারি, জুরাইন সরকারি, দারুস সালাম সরকারি, সবুজবাগ সরকারি, সরকারি প্রগতি, শ্যামপুর সরকারি মডেল এবং ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুলের ফিডার শাখা।
‘সি’ গ্রুপে রয়েছে ধানমণ্ডি গভ. বয়েজ, আরমানিটোলা সরকারি, শেরেবাংলা নগর সরকারি বালিকা, টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা, তেজগাঁও সরকারি বালিকা, ঢাকা কলেজিয়েট, গণভবন সরকারি, মিরপুর সরকারি, হাজারীবাগ সরকারি, ভাষানটেক সরকারি, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি, শহীদ মনু মিঞা সরকারি, সরকারি মোল্লার টেক উদয়ন, লালমাটিয়া হাউজিং সোসাইটি, লালবাগ সরকারি মডেল, রূপনগর সরকারি মডেল এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।
