চায়ের রাজ্যে পর্তুগিজ রাজকন্যা

চায়ের রাজ্যে পর্তুগিজ রাজকন্যা

ফন্ট সাইজ:

চায়ের রাজধানীখ্যাত প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজার সফরে আন্তর্জাতিক মানের নতুন ব্যান্ডের চায়ের প্যাকেজিং ইউনিট উদ্বোধন করেছেন পর্তুগিজ রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানো এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সিলেটে চা উৎপাদনের বিষয়টি বিশ্ব-পরিসরে তুলে ধরতে বাংলাদেশ সফরে এসেছেন পর্তুগালের ঐতিহাসিক হাউজ অব ব্রাগাঞ্জার সদস্য ও কোইমব্রার ডাচেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা। সফরের অংশ হিসেবে তিনি রোববার দুপুরে মৌলভীবাজারের মোকাম বাজারে আন্তর্জাতিক চায়ের উদ্যোক্তা লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিষ্ঠিত সিলেটটির প্যাকেজিং কারখানা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশ-বিদেশের চায়ের সঙ্গে সংশ্লিষ্টরা।

সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে ইউরোপের বাজারে ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক লন্ডন টি এক্সচেঞ্জ। সেই ধারাবাহিকতায় চায়ের দেশখ্যাত সবুজের রাজ্য মৌলভীবাজারে চালু হলো ‘সিলেট টি: দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের ব্র্যান্ডিং ও রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। এই ইউনিটের মধ্যদিয়ে বাংলাদেশের চায়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউজ অব ব্রাগাঞ্জা’র পরিচিতি। এ জেলার চা, এর ঐতিহ্য এবং আন্তর্জাতিক সম্ভাবনা নিয়ে কথা বলেন মারিয়া ফ্রান্সিসকা। মৌলভীবাজারে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের নবপ্রতিষ্ঠিত চা প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কারখানা পরিদর্শন শেষে পর্তুগালের রাজকন্যা জানান, তিনি সিলেট টি এক্সচেঞ্জের আমন্ত্রণে এখানে আসতে পেরে আনন্দিত।

সেই সঙ্গে সিলেটের চায়ের বাজার টি এক্সচেঞ্জের মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ হবে। এটা একটা বড় দায়িত্ব, কারণ আপনাদের সবকিছুই আছে। আপনাদের চায়ের গুণগত মান আছে। পেছনে অসাধারণ অভিজ্ঞতা এবং নিশ্চয়তাও আছে। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য চা তুলে ধরা ও প্রচার করা। আমি আসার পর থেকেই এখানকার চা-বাগান আর চমৎকার মনোরম দৃশ্য। অসাধারণ মানুষ এবং আপনাদের পণ্যের গুণগত মান দেখে পুরোপুরি মুগ্ধ হয়েছি। আমি নিশ্চিত আপনারা ভালো করবেন। আশা করি, বিশ্বে সিলেটের চা সেরা হবে। কারণ এ স্বীকৃতি আপনাদের প্রাপ্য। সিলেট অঞ্চলের চায়ের দীর্ঘ ঐতিহ্য আর পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক আবহ- এই দু’য়ের সমন্বয়ে গড়ে ওঠা নতুন ব্র্যান্ডটি বৈশ্বিক বাজারে বাংলাদেশের চায়ের বিপণনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চা খাত সংশ্লিষ্টরা। লন্ডন টি এক্সচেঞ্জ চা বাগানের সান্নিধ্যে গড়ে তোলা এই প্যাকেজিং ইউনিট, টি টেস্টিং সুবিধা ও ওয়্যারহাউজ চায়ের মান নিয়ন্ত্রণ এবং রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে। লন্ডন টি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ অলিউর রহমান জানান, বাংলাদেশ টি বোর্ড অসাধারণ ভূমিকা রেখেছে। আমাদের উদ্দেশ্য বিশ্বের প্রতিটি দেশ বাংলাদেশি চা এবং সিলেটি চা সম্পর্কে জানবে।

এরই মধ্যে বিশ্বের ১৪টি দেশ জানিয়েছে যে, তারা সিলেটি চা চায়। কারণ লন্ডন টি এক্সচেঞ্জ এটি করছে। প্রথমবার যখন আমাদের মতো দীর্ঘ ইতিহাসের অধিকারী একটি কোম্পানি লন্ডন টি এক্সচেঞ্জ চা নিয়ে কাজ করে, তখন সবাই সেদিকে তাকিয়ে দেখে। লন্ডন টি এক্সচেঞ্জ যদি এই চা নিয়ে কাজ করে থাকে তবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর একটি বিষয় আমাদের অন্য সবার থেকে আলাদা করে। তা হলো মান। আমরা সব সময় মানের জন্য লড়াই করি। এখানে আপনারা দেখতে পাবেন যে, এটি ল্যাব টেস্ট করা। আমরা যে প্রতিটি চা নিয়ে কাজ করি, তা ল্যাব টেস্ট করা হয়। ফলে বাংলাদেশ এবং বিদেশের মানুষ জানবেন যে, এটি নিরাপদ। এতে বাড়তি কোনো রং, প্রিজারভেটিভ বা অন্য কিছু নেই- এটি সম্পূর্ণ প্রাকৃতিক। পর্তুগিজ রাজকন্যার সম্পৃক্ততায় নতুন এই ব্লেন্ডিং উদ্যোগ ইউরোপের বিভিন্ন দেশে ‘সিলেট টি’র পরিচিতি আরও বাড়াবে। আয়োজক জানান, পর্তুগিজ রাজপরিবার এই বিশেষ চা নিজেদের ‘রাজপরিবারের চা’ হিসেবে গ্রহণ করেছে। বিশ্বের অন্তত ৪৩টি দেশের চা নিয়ে কাজ করার পর বাংলাদেশ তাদের ৪৪তম চায়ের উৎস হিসেবে যুক্ত হয়েছে। ১৮ই নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিষ্ঠানটির আউটলেটে ‘সিলেট টি: দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’র আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।