কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় ৭১ কোটি ২৮ লাখ টাকা থেকে বেড়ে ৩২১ কোটি ৮৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। কয়েক বছরের ব্যবধানে প্রকল্পের ব্যয় প্রায় সাড়ে চার গুণ বাড়লেও ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাটের যাত্রী ছাউনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। এ সময় কর্ণফুলী নদীর দখল-দূষণ বন্ধ এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ১৫ দফা দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৩ সালে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৭১ কোটি ২৮ লাখ টাকা। ২০১৮ সালে সংশোধিত হিসাবে তা বেড়ে দাঁড়ায় ১৮৩ কোটি ৬১ লাখ টাকা।
পরে ২০২০ সালে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ৩২১ কোটি ৮৮ লাখ টাকা। তবে বিপুল অর্থ ব্যয়ের পরও ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বুয়েটের ২০১৬ সালের সমীক্ষায় ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলিত বর্জ্য সংরক্ষণের জন্য নাজিরচরে প্রায় ১৯০ একর জায়গায় বিশেষ ব্যবস্থাপনা গড়ে তোলার সুপারিশ ছিল। কিন্তু সেই সুপারিশ অনুসরণ না করে নদী থেকে উত্তোলিত বালি ও বর্জ্য বিভিন্ন খাল এবং নদীতীরবর্তী এলাকায় ফেলা হচ্ছে। এতে নদীর নাব্যতা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সংবাদ সম্মেলনে মনোহরখালী ডেল্টা-২ এলাকায় প্রায় ৬০০ মিটার দীর্ঘ লাইটার জেটিতে সিমেন্ট কারখানার ক্লিংকার ও স্টিল কারখানার লোহার স্ল্যাগ খালাসের পরিকল্পনা নিয়েও উদ্বেগ জানানো হয়।
সংগঠনটির দাবি, এ ধরনের কার্যক্রমে নদীর পরিবেশ দূষিত হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি এসব পণ্য পরিবহনে ভারী ট্রাক ও লরির অতিরিক্ত চলাচলে নগরীর সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রতিদিন বিপুলসংখ্যক ভারী যানবাহন নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংগঠনটির ১৫ দফা দাবির মধ্যে রয়েছে কর্ণফুলী নদী ও সংযুক্ত খালগুলোর দখল-দূষণ বন্ধ, ড্রেজিং প্রকল্পের ব্যয় ও বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শিল্পকারখানার পরিবেশগত ছাড়পত্র যাচাই এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি পেয়ার আলী, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমদ, সিন্চন ভৌমিক, মীর সাকিবসহ বিভিন্ন সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
