যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর তেহরানে পারমাণবিক নীতি পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘটি বলছেন, এখনো নীতি পরিবর্তন হয়নি। তবে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে নতুন করে ভাবার পক্ষে-বিপক্ষে চলছে বিতর্ক। অনলাইন আল জাজিরার এক মন্তব্য প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। সেই প্রয়োজন কীভাবে নির্ধারিত হবে, সেটিও ইরানের নিজস্ব বিষয়। দেশটির দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। শনিবার ইরানের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচির এই বক্তব্যের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান কি তার পারমাণবিক কর্মসূচিকে কেবল বেসামরিক কাজে সীমাবদ্ধ রাখার নীতি থেকে সরে আসছে? ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ওয়াশিংটন বলছে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে তাদের নিশ্চিত হতে হবে যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তাহলে কি ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আসছে? আর এমন পরিবর্তন চলমান সংঘাতের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে?
ইরানের আনুষ্ঠানিক পারমাণবিক নীতি কী?: ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসাবিষয়ক গবেষণা এবং কৃষিকাজে এর ব্যবহারই দেশটির ঘোষিত লক্ষ্য। এই নীতির পেছনে রয়েছে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কয়েক দশক আগে জারি করা একটি ধর্মীয় নির্দেশ বা ফতোয়া। এতে পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল। তবে ইরান একই সঙ্গে বলে আসছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে। ১৯৭০ সালে দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি (নন-প্রলিফারেশন অব নিউক্লিয়ার উইপনস ট্রিটি) স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে ‘আলোচনার অযোগ্য’ বলে অভিহিত করেছে তেহরান।
কর্মকর্তারা কী বলছেন?: শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা’কে দেয়া সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি আবারো বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের ভেতরেই থাকবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ২০২৫ সালে, ওই বছরের জুনে ইসরাইলের হামলার আগে, ধারণা করেছিল যে, ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি বা ৯৭০ পাউন্ড ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। তবে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে ৯০ শতাংশে পৌঁছানো তুলনামূলকভাবে অনেক দ্রুত সম্ভব। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত প্রায় ৩ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট। আরাঘচি সাক্ষাৎকারে বলেন, এই উপাদান আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে, সেই প্রয়োজন যেভাবেই নির্ধারিত হোক না কেন। ইরানের পার্লামেন্ট সদস্য ও কর্মকর্তাদের মধ্যে দেশটির পারমাণবিক নীতি পরিবর্তন নিয়ে চলমান বিতর্কের কথাও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, বিতর্কের উভয় পক্ষের কাছেই ‘জোরালো যুক্তি’ রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই নীতিতে কোনো পরিবর্তন আনা হলে তার ‘সুদূরপ্রসারী পরিণতি’ হবে বলেও স্বীকার করেছেন আরাঘচি। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আমাদের আনুষ্ঠানিক অবস্থানও আগের মতোই রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল কেন মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে?: ১৯৭০ সালে এনপিটি স্বাক্ষরের পাশাপাশি ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য শক্তিধর দেশের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে সম্মত হয় ইরান। জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) বা যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা নামে পরিচিত ওই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অত্যন্ত নিম্নমাত্রায় সীমিত রাখা এবং আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ দেয়ার শর্ত ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসন ২০১৮ সালে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান ধীরে ধীরে তার পারমাণবিক কর্মসূচি জোরদার করে। একপর্যায়ে চুক্তির আরোপিত বিধিনিষেধও পরিত্যাগ করে তেহরান। ২০২৫ সালের জুনে আইএইএ’র গভর্নরস বোর্ড ঘোষণা করে, আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষাব্যবস্থার প্রতি ইরান আর তার প্রতিশ্রুতি মেনে চলছে না। তেহরান এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে।
তাদের অভিযোগ, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অজুহাত তৈরি করতেই আইএইএ এমন প্রতিবেদন দিয়েছে। এর কয়েকদিন পর ১২ দিনের যুদ্ধে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। চলতি বছরের মার্চে আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরও ইরানের অন্তত ২০০ কেজি বা ৪৪০ পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম টিকে গেছে বলে ধারণা করা হচ্ছে। এগুলো ইসফাহানের পারমাণবিক স্থাপনার ভেতরে অথবা আশপাশে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। এরপর গ্রোসি জানিয়েছেন, প্রবেশাধিকার না থাকায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ কিংবা সেগুলোর অবস্থান যাচাই করতে পারছে না সংস্থাটি।
গত মাসে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, আপনি যদি পারমাণবিক অস্ত্র না চান, তাহলে ৬০ শতাংশ সমৃদ্ধ জ্বালানি কেন প্রয়োজন? আর পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে অঙ্গীকার দেখাতে চাইলে উচ্চমাত্রায় সমৃদ্ধ জ্বালানি তৈরি করবেন না। এটি একেবারেই মৌলিক একটি বিষয়। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। অন্যদিকে ইসরাইলেরও নিজস্ব অঘোষিত পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। দেশটির কর্মকর্তারাও দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছেন।
ইরান কি আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির নীতি থেকে সরে আসবে?
এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না বলে মনে করছেন বিশ্লেষকরা। লুন্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও মানবাধিকারবিষয়ক বিভাগের সহযোগী গবেষক এবং ইরান বিশ্লেষক রুজবেহ পারসি আল জাজিরাকে বলেছেন, ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের বিষয়টি সম্ভাবনার আওতার মধ্যেই রয়েছে। তার মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ তেহরানের সব হিসাবনিকাশে বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জারি করা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের নির্দেশ বহাল রাখা হবে কিনা, তা নিয়েও প্রকাশ্যে আলোচনা হচ্ছে।
