উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা বৃদ্ধির নেপথ্যে কী?

আল জাজিরার বিশ্লেষণ

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা বৃদ্ধির নেপথ্যে কী?

ফন্ট সাইজ:

উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা জোরদার করেছে ইরান। গত এক সপ্তাহে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি ও এর আশেপাশে অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং যুক্তরাষ্ট্রের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের কারণে তার দেশ এক ধরনের ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর যুদ্ধের ব্যয় চাপিয়ে দিতেই তেহরান কৌশলগতভাবে হামলার তীব্রতা বাড়িয়েছে।

কোথায় হচ্ছে হামলা?
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বাহরাইন। শনিবার দেশটির রাজধানী মানামার কাছে একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করেছে। ইরানের হেনগাম দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।
এছাড়া রোববার হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তাদের দাবি অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি এ ধরনের ২০তম মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা। এর আগে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করলেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তা নাকচ করে দেয়। গত সপ্তাহে কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান।

হরমুজ প্রণালি ও বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব
ইরানের লাগাতার হামলায় হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)-এর তথ্যমতে, ১২ থেকে ১৮ই নভেম্বরের মধ্যে এই প্রণালী দিয়ে ২৬৩টি জাহাজ চলাচল করেছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ কম। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন গড়ে ১৩৫টি জাহাজ চলত, সেখানে এখন তেলের ট্যাংকার চলাচল ব্যাপকভাবে সংকুচিত হয়েছে।
সংঘাতের ফলে জাহাজের বিমা খরচ যুদ্ধ-পূর্ববর্তী ০.১০-০.২৫ শতাংশ থেকে বেড়ে ৩.৫-৭.৫ শতাংশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, এই যুদ্ধে এখন পর্যন্ত উপসাগরীয় অঞ্চল থেকে ২.৮ বিলিয়ন ব্যারেল তেল এবং ৬০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের বেশি হয়ে ছিলো। বর্তমানে তেলের দাম ৮৩ ডলারে অবস্থান করছে।

হামলা বাড়ানোর কারণ ও পরবর্তী শঙ্কা
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যায়িত করে তা ভাঙতে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির গবেষক রামি খুরি আল জাজিরাকে বলেন, ইরান একা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ক্ষয়ক্ষতি বইতে রাজি নয়। উপসাগরীয় অঞ্চলের আরব মিত্রদের নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা প্রমাণ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর যুদ্ধ বন্ধের চাপ সৃষ্টি করাই তেহরানের মূল লক্ষ্য।

এদিকে কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি নৌ-অবরোধ অব্যাহত রাখেন, তবে সামরিক সংঘাত আরও বাড়বে। তবে শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি ইরানের সঙ্গে একটি ‘স্থায়ী চুক্তি’ করতে চান, যাতে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে নিজের অনাগ্রহের কথা জানিয়ে দেশটির বর্তমান নেতৃত্বকে ‘তুলনামূলক যুক্তিবাদী’ বলেও মন্তব্য করেছেন তিনি।