জাতীয় বিচ ভলিবলে নারী চ্যাম্পিয়ন আনসার

জাতীয় বিচ ভলিবলে নারী চ্যাম্পিয়ন আনসার

ফন্ট সাইজ:

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মহিলা এ দল। রবিবার কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ পুলিশ মহিলা এ দলকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার ও ভিডিপি।


প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত দক্ষতা ও কৌশলের সমন্বয়ে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে আনসারের মেয়েরা। এই জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দলটি।


নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তৃতীয় স্থানও অর্জন করেছে আনসার ও ভিডিপি। প্রতিযোগিতায় তাদের মহিলা বি দল তৃতীয় হয়। পুরুষ বিভাগে আনসার ও ভিডিপি বি দল চতুর্থ স্থান অর্জন করে। আর পুরুষ এ দল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।


১৮ থেকে ২২ নভেম্বর কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এবারের জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে ১২টি এবং পুরুষ বিভাগে ২৪টি দল অংশ নেয়। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন দলের খেলোয়াড়রা শিরোপার জন্য লড়াই করেন।


আনসার ও ভিডিপি মহিলা এ দলের শিরোপা জয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনেও নিয়মিত সাফল্য পাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিচ ভলিবলে এবারের অর্জন বাহিনীর খেলোয়াড়দের ক্রীড়াক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির আরেকটি স্বীকৃতি।