ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাত আনুমানিক ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে থানায় সেরেস্তা কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে বিনষ্ট হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার বিকালে পরিদর্শনে আসেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম সেবা।
পরিদর্শনকালে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হতে পারে। পুলিশ জানায়, সেরেস্তা কক্ষ ছাড়া অন্য কোনো কক্ষে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। পরিদর্শনকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, রেঞ্জ অফিসের পুলিশ সুপার (অপারেশান ) মো. সালাউদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।
