মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

ফন্ট সাইজ:

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দু’টি শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখার সামনে এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের মাদারীপুরের জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের শাখা লক্ষ্য করে দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে বোমা দু’টি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়ায়নি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় ব্যাংকের নাইট গার্ড বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

অন্যদিকে, শুক্রবার রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় বাইরে থেকে দু’টি ককটেল ও দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পরই পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ব্যাংকের শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘গ্রামীণ ব্যাংকের দু’টি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া, জনগণের নিরাপত্তায় জেলা পুলিশ তৎপর রয়েছে।’