বন বিভাগের রাজস্ব খাতে আত্তীকরণ ও নিয়োগ চেয়ে দায়ের করা একটি আদালত অবমাননার মামলা খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। মূল রিট মামলার পক্ষ না হয়েও ওই মামলার রায়ের আলোকে সমগোত্রীয় (Equal Footing) ব্যক্তি হিসেবে সুবিধা দাবি করা এবং এর ব্যর্থতায় আদালত অবমাননার মামলা দায়েরের আইনি সীমারেখা স্পষ্ট করা হয়েছে এ রায়ে।
রবিবার বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ২০২৫ সালে হাইকোর্টের জারি করা আদালত অবমাননার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় প্রদান করেন হাইকোর্ট। রায়ে আদালত অবমাননার রুল খারিজ করার পাশাপাশি বিবাদীদের অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এদিন, আদালতে বিবাদীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মো. কাওছার এবং মো. সুমন রাহাত।
মামলার বিবরণ থেকে জানা যায়, আবেদনকারী মো. জাহাঙ্গীর আলম ২০০১ সালে বন অধিদপ্তরের ‘সুন্দরবন বায়োডাইভারসিটি কনজারভেশন প্রকল্পে’ সহকারী বন সংরক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে প্রকল্পটির মেয়াদ শেষ হয়। পরবর্তীতে ওই প্রকল্পের ৯ জন কর্মচারী ২০১৩ সালে রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট ২০১৪ সালে এক রায়ে ওই ৯ জন আবেদনকারীকে রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশ দেন, যা পরবর্তীতে আপিল বিভাগেও বহাল থাকে। সে অনুযায়ী কর্তৃপক্ষ ওই ৯ জনকে রাজস্ব খাতে নিয়োগ প্রদান করে। কিন্তু মো. জাহাঙ্গীর আলম ২০১৩ সালের ওই রিট পিটিশনে পক্ষভুক্ত না থেকেও ২০১৪ সালের রায়ের আলোকে নিজেকে সহকারী বন সংরক্ষক পদে রাজস্ব খাতে আত্তীকরণের জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। বিদ্যমান আইন-কানুন বিবেচনায় কর্তৃপক্ষ তাকে ওই রায় মোতাবেক নিয়োগ প্রদানে অপারগতা প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে তিনি বাদী হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক এবং বন সংরক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ‘এএফএম মুস্তাফিজুর রহমান, ডিজি, বাংলাদেশ রেলওয়ে এবং অন্যান্য বনাম মনোহরন মজুমদার এবং অন্যান্য’ (৯ এমএলআর, আপিল বিভাগ, পৃষ্ঠা ২৫১) মামলার সিদ্ধান্তের আলোকে বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন।
হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেন, কোনো মামলায় পক্ষ না থেকেও সংশ্লিষ্ট মামলার আবেদনকারীদের সমগোত্রীয় কোনো ব্যক্তি ওই রায়ের সুবিধা পাবেন না। আদালত বলেন, ৯ এমএলআরে উদ্ধৃত আপিল বিভাগের সিদ্ধান্ত নির্বিবাদে সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ বিষয়ে আদালত ৭টি সুস্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছেন:
সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে ঘোষিত রায় বা আদেশ প্রতিপালন চেয়ে সংশ্লিষ্ট মামলার পক্ষ না হয়েও সমগোত্রীয় কোনো ব্যক্তি আদালত অবমাননার মামলা দায়ের করতে পারবেন। কিন্তু আদালতের কোনো রায় বা আদেশ কেবল ওই মামলার বাদীদের ক্ষেত্রে ঘোষিত হলে, মামলার পক্ষ ছাড়া অন্য কোনো ব্যক্তি সমগোত্রীয় হলেও ওই রায় প্রতিপালনের ব্যর্থতার জন্য আদালত অবমাননার মামলা দায়ের করতে পারবেন না। এছাড়া, কোনো মামলায় বাদীদের পক্ষে ঘোষিত রায় বাস্তবায়নের জন্য সমগোত্রীয় কোনো সুবিধাবাদী পক্ষ বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে পারবেন না। মামলা দায়েরে বিলম্ব এবং অস্বচ্ছতা আবেদনকারীকে আদালতের ন্যায়সঙ্গত প্রতিকার থেকে বঞ্চিত করে।
এদিকে, যথাযথ বিচারিক প্রক্রিয়া সম্পর্কে আদালত বলেন, যদি আদালত অবমাননার বিষয়বস্তু যথাযথ বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তির প্রয়োজন হয়, তবে আদালত অবমাননার মামলায় কোনো প্রতিকার পাওয়া যায় না। এছাড়া আদালত অবমাননার মামলায় সুনির্দিষ্টভাবে আদালত অবমাননার বিষয় ব্যতীত কোনো ধরনের মৌলিক প্রতিকার দেয়া যাবে না। এমনকি আদালত অবমাননায় কাউকে দোষী সাব্যস্ত করতে হলে বিবাদী পক্ষ সুনির্দিষ্টভাবে আদালতের রায় বা আদেশ ভঙ্গ করেছেন মর্মে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। শাস্তিমূলক এখতিয়ার প্রসঙ্গে হাইকোর্ট বলেন, আদালত অবমাননার মামলার মাধ্যমে বাদীকে কোনো মৌলিক প্রতিকার প্রদান করা যায় না। কেবল সুনির্দিষ্ট আদেশ বা রায় লঙ্ঘন করলে আদালত বিবাদীকে শাস্তি দিতে পারেন। আদালত অবমাননার মামলায় মৌলিক প্রতিকার প্রদান করলে বিচারিক প্রক্রিয়ায় অবাধ সুযোগ সৃষ্টি হবে, যা মোটেও কাম্য নয় বলে উল্লেখ করেন হাইকোর্ট।
