ভারত-নেপাল নীরব কূটনীতি, বরফ গলছে

ভারত-নেপাল নীরব কূটনীতি, বরফ গলছে

ফন্ট সাইজ:

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহের মধ্যেই চলতি বছরের মার্চে মন্ত্রী ও কর্মকর্তাদের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেয়ার নির্দেশ দিয়েছিলেন র‌্যাপার থেকে রাজনীতিক বনে যাওয়া বালেন্দ্র শাহ। স্বজনপ্রীতি বন্ধ, ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে অভিযান এবং অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছিলেন তিনি। কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন শাহ পুরনো রাজনৈতিক ধারার পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন। ৩৬ বছর বয়সী এই নেতার কথাবার্তা ও কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল দিল্লি। প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম দিকের নির্দেশনাগুলোর মধ্যে ছিল বিদেশ সফরে নিষেধাজ্ঞা এবং বিদেশি কোনো দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করা। তবে কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য ছিল না। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

এতে বলা হয়, এই পরিবর্তনের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন, নেপালের পুরনো নেতাদের মতো তিনি নন। পুরনো ধারার ওই নেতাদের ‘লাম্বসারবাদ’ হিসেবে অভিহিত করা হয়। শব্দটির মোটামুটি অর্থ, এই অঞ্চলের বৃহৎ শক্তির সামনে অর্থাৎ ভারতের কাছে নতিস্বীকার করা।

বালেন শাহর নির্দেশে এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরুর দিকে কাঠমান্ডু সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে তার কার্যালয় কোনো বৈঠকের আয়োজন করেনি। গোর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন। মে মাসে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফরও শেষ পর্যন্ত হয়নি। বালেন শাহর কার্যালয় তাকে সাক্ষাতের সময় দিতে অস্বীকৃতি জানায়। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) চেয়ারম্যান রবি লামিছানে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জুনের শুরুতে দিল্লি সফর করেন। নির্বাচনের আগে বালেন শাহ এই দলেই যোগ দিয়েছিলেন। দুই নেতার ভারত সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতের উদ্যোগ হিসেবে দেখা হয়েছিল।

এরপর কয়েক মাস পেরিয়ে যায়। এ সময় ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সার সরবরাহে সংকট তৈরি হয় এবং দাম বাড়তে থাকে। নেপালে অর্থনৈতিক চাপও বাড়ছিল। সরকারের নীতির বিরুদ্ধে অভ্যন্তরীণ সমালোচনা তীব্র হতে থাকে। ভারতের সঙ্গে যোগাযোগ না রাখার সিদ্ধান্তকে অনেকেই পাল্টা ক্ষতিকর পদক্ষেপ হিসেবে দেখতে শুরু করেন। ১০ আগস্ট লামিছানে ও খানালের ভারত সফরের কয়েক মাস পর নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব বালেন শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে একটি মৈথিলি চিত্রকর্ম উপহার দেন। এটি ছিল শাহর তরাই অঞ্চলের শিকড়ের প্রতি এক ধরনের স্মারক। এই শিল্পকর্ম উপহার দেয়ার ঘটনাটি দুই দেশের সম্পর্কের বরফ গলাতে অনুঘটকের ভূমিকা রাখে।

প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই ছিল দুই পক্ষের মধ্যে প্রথম একক বৈঠক। এর মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যায়, ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বালেন শাহ। কাঠমান্ডুকে দিল্লি থেকে দূরে রাখার নিজের আরোপিত নীতি থেকে সরে আসারও বার্তা দেন তিনি। এ সময় তাকে ভারত সফরের আমন্ত্রণের বিষয়টি আবার স্মরণ করিয়ে দেয়া হয়। এর এক সপ্তাহ পর চার দিনের সফরে নেপালে যান ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। ১৮ আগস্ট তিনি বালেন শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে শক্তিশালী সম্পর্ক বালেন শাহর সঙ্গে ভারতের সম্পর্ক আরও স্বাভাবিক করতে সহায়তা করে। এ সময় আবারও তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়।

এর কয়েক দিন পর বালেন শাহর কার্যালয় দিল্লিকে জানায়, মাধেশ অঞ্চলে পালিত ছট পূজার পর তিনি ভারত সফর করতে পারেন। এর মধ্য দিয়ে নভেম্বরের শেষ দিকে সফরের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এর মধ্যেই বড় বিপর্যয় নেমে আসে। ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় ৭ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং আরও ৯ হাজার মানুষ আহত হন। হিমালয় অঞ্চলের দেশটিতে এই বিপর্যয়ের পর দ্রুত সহায়তা নিয়ে এগিয়ে আসে ভারত। কয়েক দফায় ত্রাণসামগ্রী আকাশপথে পাঠানো হয়। পাশাপাশি চিকিৎসক ও উদ্ধারকর্মীদের দলও পাঠানো হয়। নেপালের সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দিলেও ভারতীয় সেনাবাহিনী সেতু নির্মাণের সরঞ্জাম ও অন্যান্য উপকরণ পাঠায়। এর কয়েক সপ্তাহ পর ভারত সফরকালে নেপালের অর্থমন্ত্রী স্বরাজ ওয়াগলে নিশ্চিত করেন, বালেন শাহ ভারত সফরের বিষয়ে আগ্রহী। এরপর সফরের প্রস্তুতি শুরু হয়।

এদিকে মার্চে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যান বালেন শাহ। জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ নিয়ে বক্তব্য দেন তিনি। আজ রোববার থেকে দুই দিনের ভারত সফর শুরু করছেন প্রধানমন্ত্রী শাহ। এ সফরে নেপালের জন্য আর্থিক সহায়তা, বাণিজ্য, যোগাযোগব্যবস্থা, উদ্ভাবন, খেলাধুলা, বিমান চলাচল এবং সাংস্কৃতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। দুই দেশের সম্পর্কের বিষয়ে অবগত এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, নেপালের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের এই পরিবর্তন সম্ভব হয়েছে নীরব কূটনীতির প্রচেষ্টায়। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ক্ষেত্রে ভারত যেমনটি করেছিল, এখানেও তেমন উদ্যোগ নেয়া হয়েছে। বালেন শাহ ও তার ঘনিষ্ঠ দলটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ফলে প্রাথমিক কিছু জটিলতা কাটিয়ে সম্পর্ক সহজ ও স্বাভাবিক করা সম্ভব হয়েছে।