আশ্রয়প্রার্থীদের আবাসন নিয়ে ক্ষোভ, বৃটেন ছাড়ার পক্ষে ভোট দিল গ্রামবাসী

আশ্রয়প্রার্থীদের আবাসন নিয়ে ক্ষোভ, বৃটেন ছাড়ার পক্ষে ভোট দিল গ্রামবাসী

ফন্ট সাইজ:

বৃটেনের সাফোক কাউন্টির একটি গ্রামের বাসিন্দারা প্রতীকী গণভোটে ‘বৃটেন ছাড়ার’ পক্ষে ভোট দিয়েছেন। কাছের একটি সাবেক সামরিক ঘাঁটিতে ৯৩০ জন আশ্রয়প্রার্থীকে রাখার সরকারি পরিকল্পনার প্রতিবাদে এ গণভোটের আয়োজন করা হয়। শনিবার অনুষ্ঠিত এই প্রতীকী ভোটে অংশ নেয়ার যোগ্যতা ছিল বার্নহাম গ্রামের প্রায় ৫০০ বাসিন্দার। ভোটে স্বাধীনতার পক্ষে পড়েছে ২৫৭টি ভোট, বিপক্ষে ১৬টি। একটি ব্যালট বাতিল হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

ভোটের পর বার্নহাম রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলেন বেক বলেন, গ্রামের পতাকায় থাকবে ‘সাফোক নীল’ পটভূমিতে একটি স্টোন-কার্লিউ পাখির ছবি। গত জুনে বৃটিশ সরকার আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য সম্ভাব্য নতুন স্থাপনা নির্মাণের জায়গা হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) তিনটি স্থানের নাম ঘোষণা করে। এর মধ্যে ছিল আরএএফ বার্নহাম। এটি একসময় সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। এর আগে গত সেপ্টেম্বরে অক্সফোর্ডশায়ারের পিডিংটন গ্রামেও একই ধরনের গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে আরেকটি সাবেক সামরিক ঘাঁটিতে এক হাজারের বেশি অভিবাসীকে রাখার পরিকল্পনার প্রতিবাদে বাসিন্দারা বৃটেন ছাড়ার পক্ষে ভোট দেন।

বার্নহামে সরকারি পরিকল্পনার বিরুদ্ধে ওই সামরিক স্থাপনার বাইরে বিক্ষোভও হয়েছে। গণভোটে বাসিন্দাদের কাছে জানতে চাওয়া হয়, তারা ‘ক্রাউন ডিপেনডেন্সি’ বা বৃটিশ রাজমুকুটের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পাওয়ার উদ্যোগকে সমর্থন করেন কি না। জার্সি, গার্নসি ও আইল অব ম্যানের মতো অঞ্চলগুলো এ ধরনের মর্যাদা ভোগ করে। গ্রাম পরিষদের চেয়ারম্যান জন বাউয়ার বলেন, এ মর্যাদা পেলে গ্রামটি বৃটিশ রাজমুকুটের প্রতি আনুগত্য বজায় রাখতে পারবে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) এখতিয়ার থেকে বেরিয়ে আসতে পারবে।

বিরোধী দলে থাকার সময় লেবার পার্টি সামরিক ঘাঁটিতে আশ্রয়প্রার্থীদের রাখার কনজারভেটিভ সরকারের নীতির সমালোচনা করেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর তারাই অবস্থান পরিবর্তন করে। কনজারভেটিভ পার্টিও এখন নিজেদের আগের অবস্থান থেকে সরে এসেছে। দলটির নেতা কেমি বেডেনক স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে বলেছেন, কনজারভেটিভ পার্টি আপনাদের পাশে রয়েছে। শুক্রবার তিনি বলেন, আমরা জানি, নৌকায় করে আসার এই সমস্যা বন্ধ করতে হবে এবং এটি বন্ধ করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। চলতি মাসের শুরুতে ঘোষণা করা হয়, নির্মাণ প্রতিষ্ঠান কিয়ের আরএএফ বার্নহামে নতুন আশ্রয়শিবিরের নকশা তৈরি করবে।

শনিবারের ভোটের আগে স্থানীয় সংসদ সদস্য ও লেবার পার্টির পিটার প্রিন্সলি ওই স্থাপনা নির্মাণের বিরোধিতা করেন। তার ভাষায়, পরিকল্পনাটি কনসেনট্রেশন ক্যাম্প বা বন্দিশিবিরের মতো। তিনি সতর্ক করে বলেন, পরিবেশগত উদ্বেগের কারণে সেখানে নির্মাণের অনুমতি পাওয়া কঠিন হতে পারে। বিশেষ করে ওই এলাকায় বিরল প্রজাতির স্টোন-কার্লিউ পাখির বসবাস ও প্রজননক্ষেত্র রয়েছে। এর আগে আশপাশে এ ধরনের নির্মাণের আবেদনও নাকচ হয়েছে। প্রিন্সলি বলেন, এটি একটি প্রতীকী গণভোট। এর ফল আইনগতভাবে বাধ্যতামূলক হবে না। আমার ধারণা, ক্রাউন ডিপেনডেন্সির মর্যাদা পাওয়ার পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোট পড়বে। ভোটার প্রায় ৫০০ জন। তাই আমার প্রত্যাশা, ফল হবে ৫০০-শূন্য। তিনি আরও বলেন, অনিয়মিত অভিবাসন সমস্যা মোকাবিলায় সরকার অনেক কিছু করছে। তার মতে, চলতি বছরের শেষ নাগাদ নিট অভিবাসনের সংখ্যা কমে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসতে পারে।

তবে তিনি মনে করেন না, প্রত্যন্ত এলাকায় বড় সামরিক শিবির তৈরি করে আশ্রয়প্রার্থীদের সেখানে রাখার পরিকল্পনা কখনোই উপযুক্ত হতে পারে। প্রিন্সলি বলেন, বাস্তবতা হলো, ছোট নৌকায় করে যারা এখানে আসেন, তারা অবৈধ অভিবাসী নন। তারা আশ্রয়প্রার্থী। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এসব মানুষকে অবৈধ, অপরাধী, ধর্ষক এবং আরও নানা নামে আখ্যায়িত করেছে, অথচ তারা এসবের কোনোটিই নন। তারা কেবল ছোট নৌকায় করে এখানে এসেছেন। সরকার সমস্যাটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এটি জটিল একটি সমস্যা। বার্নহামের প্রস্তাবিত স্থানটির বিশেষ কিছু সমস্যা রয়েছে, যা একে আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য অনুপযুক্ত করে তুলতে পারে বলে মনে করেন তিনি। তার ভাষায়, এটি একটি প্রত্যন্ত এলাকা, যেখানে হেঁটে যাওয়ার কোনো পথ নেই। জায়গাটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রধান সড়কের পাশে অবস্থিত। সামরিক আবাসন হিসেবে ব্যবহারের সময় ওই সড়কে গুরুতর দুর্ঘটনা ঘটেছিল।

তিনি আরও বলেন, এটি বিশেষ বৈজ্ঞানিক গুরুত্বসম্পন্ন একটি এলাকা। এখানে স্টোন-কার্লিউ পাখি বাসা বাঁধে। ফলে যেকোনো নির্মাণের অনুমতি পাওয়া কঠিন হবে, এমনকি সরকারের পক্ষ থেকে আবেদন করা হলেও। কারণ, এই পাখির সুরক্ষায় আন্তর্জাতিক পর্যায়ের বিধিনিষেধ রয়েছে। আশ্রয়প্রার্থীদের রাখার জন্য বড় শহরগুলোর কিছু অব্যবহৃত অফিস ভবনকে তুলনামূলক ভালো বিকল্প হিসেবে উল্লেখ করেন প্রিন্সলি। তার মতে, এসব জায়গায় স্থানীয় সেবাসুবিধাও বেশি পাওয়া যাবে। সাবেক আরএএফ সামরিক ঘাঁটির ফটকের বাইরে স্থায়ী বিক্ষোভশিবির গড়ে তুলেছেন আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে আশ্রয়প্রার্থীদের রাখার পরিকল্পনা করেছে। প্রিন্সলি আরও বলেন, এটি একটি বন্দিশিবিরের মতো মনে হয়। নিপীড়ন থেকে পালিয়ে আসা এবং আশ্রয়ের আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণের কোনো পরিবেশ এখানে নেই।

তিনি অভিযোগ করেন, পরিকল্পনাটির বিরুদ্ধে যৌক্তিক সমালোচনাকে বিরোধী দলগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তাদের উদ্দেশ্য জাতিগত বিভেদ উসকে দেয়া। এদিকে বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, স্থানীয় সম্প্রদায়ের মধ্যে এ বিষয়ে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা আমরা বুঝতে পারছি। উত্থাপিত উদ্বেগগুলো আমরা মনোযোগ দিয়ে শুনছি। তিনি আরও বলেন, দেশজুড়ে আশ্রয়প্রার্থীদের আবাসন আরও ন্যায্যভাবে বণ্টনের জন্য সরকার কাজ করছে। নির্বাচনের পর থেকে এ খাতে ব্যয় ১০০ কোটি পাউন্ডের বেশি সাশ্রয় করা হয়েছে। মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে আশ্রয়প্রার্থীদের জন্য ব্যবহৃত সব হোটেল বন্ধ করে বিকল্প আবাসনের ব্যবস্থা করা। এর মধ্যে সাবেক সামরিক স্থাপনাও রয়েছে। এসব স্থাপনা এমনভাবে তৈরি করা হবে, যাতে সেগুলো স্বয়ংসম্পূর্ণ থাকে। সেখানে ২৪ ঘণ্টা নিরাপত্তা ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা থাকবে, যাতে স্থানীয় সম্প্রদায়ের ওপর প্রভাব কমানো যায়।