জীবাশ্ম জ্বালানি বন্ধের প্রশ্নে সৌদি আরবের সঙ্গে বিরোধ, অচলাবস্থা

জীবাশ্ম জ্বালানি বন্ধের প্রশ্নে সৌদি আরবের সঙ্গে বিরোধ, অচলাবস্থা

ফন্ট সাইজ:

তুরস্কে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে শনিবার রাতে আলোচনা কার্যত অচলাবস্থায় পড়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বৈশ্বিক প্রয়োজনীয়তা নিয়ে সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে সরাসরি বিরোধে জড়াবে কি না, তা নিয়ে আলোচনা শুরু করেছে কয়েকটি দেশ। কপ৩১ জাতিসংঘ জলবায়ু সম্মেলনের যৌথ সভাপতি অস্ট্রেলিয়ার ক্রিস বোয়েন ও তুরস্কের মুরাত কুরুম শনিবার দিনভর এবং গভীর রাত পর্যন্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। দুই সপ্তাহের আলোচনা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। অগ্রগতির অভাবে দেশগুলোর প্রতিনিধি ও জলবায়ু আন্দোলনকারীদের মধ্যে হতাশা বাড়ছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।

এতে আরও বলা হয়, আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে প্রায় ১৩০টি দেশের একটি অনানুষ্ঠানিক জোটের দাবি। তারা সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার’ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে চায়। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা ও তার সঙ্গে খাপ খাইয়ে নিতে ধনী দেশগুলোর কাছ থেকে অর্থায়নের অধিকার আরও জোরদার করার দাবি জানিয়েছে। কিন্তু সৌদি আরবসহ কয়েকটি তেলসমৃদ্ধ দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিতে ধারাবাহিকভাবে বিরোধিতা করে আসছে। রোববার ভোরে প্রকাশিত সম্ভাব্য চূড়ান্ত চুক্তির তৃতীয় খসড়ায় এই অচলাবস্থা কাটানোর চেষ্টা করা হয়েছে। এতে বলা হয়েছে, তিন বছর আগে দুবাইয়ে অনুষ্ঠিত সম্মেলনে দেশগুলো যে সমঝোতায় পৌঁছেছিল, তা তারা স্মরণ করছে। কয়লা, তেল ও গ্যাস পোড়ানো থেকে সরে আসার প্রয়োজনীয়তা নিয়ে দেশগুলো ওই সম্মেলনেই প্রথমবারের মতো ঐকমত্যে পৌঁছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুর জলবায়ুবিষয়ক মন্ত্রী মাইনা তালিয়া বলেন, জীবাশ্ম জ্বালানির বিষয়ে আমাদের জন্য একটি আপসহীন অবস্থান। আমরা এই সংকটের মূল কারণ নিয়ে কথা বলছি। এটি ছাড়া এখানে আমাদের সময় নষ্ট হচ্ছে। পাওয়ার শিফট আফ্রিকা থিংকট্যাংকের পরিচালক মোহাম্মদ আদো বলেন, প্রকাশ্য জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জীবাশ্ম জ্বালানির বিষয়ে অগ্রগতি অর্জনের প্রত্যাশা নিয়ে আমরা আনতালিয়ায় এসেছিলাম। কিন্তু এর পরিবর্তে সরকারগুলো ইতিমধ্যে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো থেকে সরে আসা ঠেকাতেই আমাদের লড়তে হচ্ছে। ধনী দেশগুলো প্রতিশ্রুত আর্থিক সহায়তা না দেয়ার পক্ষে যুক্তি খুঁজতে দুই সপ্তাহ কাটিয়েছে। মনে হচ্ছে, এই সম্মেলন ভেঙে পড়ছে।

বিতর্কের আরেকটি বড় বিষয় কার্বন ধরে রাখা ও সংরক্ষণ প্রযুক্তি বা ‘কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ’ (সিসিএস)। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েও মতবিরোধ রয়েছে। সৌদি আরব চায়, সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে সিসিএস প্রযুক্তির পক্ষে জোরালো সুপারিশ থাকুক। তবে অন্য দেশগুলো এর বিরোধিতা করছে। কারণ, অনেকের আশঙ্কা, এই প্রযুক্তিকে অজুহাত হিসেবে ব্যবহার করে জীবাশ্ম জ্বালানি শিল্পকে আরও দীর্ঘদিন টিকিয়ে রাখা হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের তৃতীয় খসড়ায় এ বিষয়ে সমঝোতার চেষ্টা করা হয়েছে। এতে সিসিএস প্রযুক্তির জন্য কোনো বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা বাদ দেয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বিদ্যুতায়নের যতটা সম্ভব অংশই পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে পরিচালিত হতে হবে।

আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য জীবাশ্ম জ্বালানি শিল্প, এ শিল্পের ওপর নির্ভরশীল দেশগুলো এবং দরিদ্র দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে ধনী দেশগুলোর ব্যর্থতাকে দায়ী করেছেন জলবায়ু আন্দোলনকারীরা। প্রচারাভিযানভিত্তিক সংগঠন গ্লোবাল জাস্টিস নাউয়ের পরিচালক নিক ডিয়ারডেন বলেন, জলবায়ু সংকট থেকে বিপুল মুনাফা করা জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে আমাদের জিম্মি করে রাখার সুযোগ দেয়ার এটাই শেষবার হওয়া উচিত। 

এখন এটা একেবারেই স্পষ্ট যে, যারা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে এবং কয়লা, তেল ও গ্যাস থেকে অর্থ উপার্জন করতে পারে, তাদের হাতে এই সুযোগ থাকা পর্যন্ত জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা সম্ভব হবে না। ফিল দ্য ফান্ড প্রচারাভিযানের বৈশ্বিক সমন্বয়ক হারজিত সিং বলেন, উন্নয়নশীল দেশগুলো যখন একের পর এক দুর্যোগ ও ঋণের চাপে ডুবে যাচ্ছে, তখন তাদের অর্থনীতি বদলে ফেলার কথা বলা যায় না। আনতালিয়ায় শেষ পর্যন্ত যে চুক্তিই হোক না কেন, বিশ্ববাসীর জানা উচিত কেন এই কপ সম্মেলন ব্যর্থ হয়েছে। সমাধানের অভাব এর কারণ নয়; বরং অর্থের অভাব এবং এই সংকটের জন্য দায়ী দেশগুলোর সদিচ্ছার অভাবই মূল কারণ।