সিয়াটল বিমানবন্দরে যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, আতঙ্ক-হট্টগোল

সিয়াটল বিমানবন্দরে যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, আতঙ্ক-হট্টগোল

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় দুই যাত্রীকে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিষয়ক সংস্থা আইসিই বা আইস। মুখোশ পরা অভিবাসন কর্মকর্তারা যাত্রীদের ভিড়ে একটি জেট ব্রিজ থেকে তাদের টেনেহিঁচড়ে নিয়ে যান। এ সময় বিমানবন্দরে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনাটিকে যাত্রী ও কর্মীদের জন্য উদ্বেগজনক বলে বর্ণনা করেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা। এর জেরে লস অ্যানজেলেসগামী একটি ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

শনিবারের এ ঘটনার ভিডিওতে দেখা যায়, কর্মকর্তারা অন্তত একজনকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় এক নারী চিৎকার করে বলছিলেন, তার মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার কাজের অনুমতিপত্র রয়েছে। আইসিই এক বিবৃতিতে জানিয়েছে, রিকার্ডো লাররোন্দো মেন্দোজা নামের মেক্সিকোর এক অভিবাসীকে গ্রেপ্তারের জন্য তাদের কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করেন। সংস্থাটির দাবি, ওই ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, যা দেশটির আইন লঙ্ঘন। আইসিইর বিবৃতিতে আরও বলা হয়, আটক অভিযান চলাকালে অন্য এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। ওই নারীর নাম সোফিয়া হার্নান্দেজ মেহিয়া। সংস্থাটির দাবি, তিনিও মেক্সিকোর নাগরিক এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তার ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। একজন ফেডারেল কর্মকর্তাকে আক্রমণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এক নারীকে একজন আইসিই কর্মকর্তার পা আঁকড়ে ধরে কাঁদতে ও চিৎকার করতে দেখা যায়। তিনি বলছিলেন, ওরা আমার বাবাকে নিয়ে যাচ্ছে। আরেকটি দৃশ্যে তাকে বলতে শোনা যায়, আমাদের কাজের অনুমতিপত্র রয়েছে। অনলাইনে প্রকাশিত ফ্লাইটের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল আলাস্কা এয়ারলাইন্সের ১৩০৬ নম্বর ফ্লাইটটি। কিন্তু আটকের ঘটনার কারণে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়। আলাস্কা এয়ারলাইন্স জানিয়েছে, অভিবাসন কর্মকর্তারা তাদের এই অভিযান সম্পর্কে আগে থেকে কোনো তথ্য দেননি। থ্যাংকসগিভিং ছুটির আগে ব্যস্ত ভ্রমণ মৌসুমে এ ঘটনা ঘটে।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আলাস্কা ফ্লাইট ১৩০৬-এর যাত্রীদের বিমানে ওঠার সময় এদিন সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ পদক্ষেপ নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বুঝতে পারছি, এই ঘটনা সংশ্লিষ্ট কর্মী ও যাত্রীদের জন্য কতটা উদ্বেগজনক ছিল। বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যেক যাত্রীর সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। আটক অভিযানে অংশ নেয়া কর্মকর্তাদের গায়ে কোনো পরিচয়চিহ্নবিহীন জ্যাকেট এবং পরনে খাকি রঙের প্যান্ট ছিল। ভিডিওতে দেখা যায়, মেঝেতে থাকা একজনকে নিয়ন্ত্রণে নিতে কর্মকর্তারা ধস্তাধস্তি করছেন। এ সময় লাগেজ হাতে আশপাশে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ঘটনাটি দেখছিলেন।