লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের দখল করা এলাকা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। শনিবার লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেয়া এক ভাষণে জোসেফ আউন বলেন, লেবানন বর্তমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি অস্তিত্বসংকটের মুখোমুখি। এর একটি হলো, আমাদের ভূখণ্ডের কিছু অংশে ইসরাইলের দখলদারিত্ব। অন্যটি হলো, অস্ত্রের ব্যবহার এবং লেবানন রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ইরানি শাসনব্যবস্থার কিছু প্রভাবশালী পক্ষের বিদেশি হস্তক্ষেপ। এই দুটি মৌলিক বাধা পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। ফলে লেবানন পূর্ণাঙ্গভাবে তার স্বাধীনতা উদ্যাপন করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ইসরাইলের উদ্দেশে আউন বলেন, লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সেনা প্রত্যাহার করুন। হামলা বন্ধ করুন। আমাদের আটক নাগরিকদের ফিরিয়ে দিন। ধারণা করা হচ্ছে, ইসরাইলের বিভিন্ন বন্দিশিবিরে কয়েক ডজন লেবানিজ নাগরিক আটক। তাদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি দক্ষিণ লেবাননে সংঘাতের সময় আটক হওয়া হিজবুল্লাহর সদস্যরাও রয়েছেন। এদিকে দেশের সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন লেবাননের প্রেসিডেন্ট। তিনি ঘোষণা করেন, রাষ্ট্রের বাইরে এমন কোনো অস্ত্র থাকতে পারবে না, যেগুলো বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত হবে কিংবা তাদের স্বার্থে ব্যবহৃত হবে। আউন বলেন, আপনাদের অস্ত্র রাষ্ট্রের কাছে সমর্পণ করতে হবে।
লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে। ইরান সমর্থিত এই লেবানিজ গোষ্ঠীটির অস্ত্রভাণ্ডার দীর্ঘদিন ধরে দেশটির জাতীয় সেনাবাহিনীর অস্ত্রশস্ত্রের চেয়ে অনেক বড়। ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নিজেদের অস্ত্র প্রয়োজন বলে যুক্তি দিয়ে আসছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শেষে গত জুনে লেবানন ও ইসরাইল একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবাননের ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই অঞ্চলে লেবানিজ সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে চুক্তির বাস্তবায়ন কার্যত থমকে রয়েছে। হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, বিন্ত জুবাইল ও মারজাইউন জেলায় ইসরাইল হামলা চালিয়েছে। আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, একটি বিমান হামলা আঘাত হেনেছে বিন্ত জুবাইল জেলার বারাআচিট শহরের উপকণ্ঠে। তারা জানান, ওইদিন ভোরে বারাআচিটে ইসরাইলি বাহিনী গুলিবর্ষণ করে। একই সঙ্গে শহরটির উপকণ্ঠে ইসরাইলি সামরিক যানবাহনের চলাচলও দেখা গেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ জেলার কাফার তেবনিত শহরে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। এর আগে চালানো প্রথম ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত না হওয়ায় দ্বিতীয়বার হামলা চালানো হয়।
এনএনএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, মারজাইউন জেলার ওয়াদি আল-খিয়ামে তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইলি বাহিনী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২রা মার্চ হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ হাজার ৪০৭ জন।
