সম্ভাবনা থাকলেও কাজের সুযোগ পাচ্ছেন না তরুণরা: পিপিআরসির গবেষণা

সম্ভাবনা থাকলেও কাজের সুযোগ পাচ্ছেন না তরুণরা: পিপিআরসির গবেষণা

ফন্ট সাইজ:

দেশের বিভিন্ন অঞ্চলে কাজের বড় সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও সহায়ক সেবার অভাবে তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম ও বান্দরবান এই পাঁচ অঞ্চলের ওপর পরিচালিত বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পিপিআরসির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মেসো-ইকোনমি ও মিসিং মিডল: তরুণদের জন্য সুযোগ কেন ফল হয়ে ফিরছে না’ শীর্ষক এই গবেষণার ফল তুলে ধরা হয়। গবেষণায় সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন।

অনুষ্ঠানের শুরুতে পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক বিষয়গুলো সামনে থাকলেও এর পেছনে অর্থনৈতিক ন্যায়বিচারের দাবিও কাজ করেছে। তরুণেরা কীভাবে কর্মজীবনে প্রবেশ করবেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজ পাবেন এবং সরকারি সেবা নিতে পারবেন এসব প্রশ্ন জুলাই অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, সামষ্টিক অর্থনীতি ও পরিবার বা ব্যক্তির অর্থনীতি নিয়ে আলোচনা হলেও মাঝের স্তরটি কম গুরুত্ব পায়। তিনি এই স্তরকে বলেছেন, ‘মেসো–ইকোনমি’ বা অর্থনীতির মধ্য স্তর। এখানেই জাতীয় নীতিতে তৈরি সুযোগ কাজে লাগিয়ে একজন তরুণ চাকরি পেতে বা নিজের উদ্যোগ বড় করতে পারেন। আবার এখানেই তিনি আটকে যেতে পারেন।

গবেষণায় ২০২৪ সালের শ্রমশক্তি জরিপের তথ্য উল্লেখ বলা হয়, দেশে ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক অর্থাৎ ডিগ্রি কাজের নিশ্চয়তা দিচ্ছে না। এ ছাড়া ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে শিল্প খাতের আকার বছরে গড়ে ৯ দশমিক ১ শতাংশ হারে বাড়লেও উৎপাদন খাতে কর্মসংস্থান কমেছে ৯ দশমিক ৬ শতাংশ।

২০২৬ সালের ২৮ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই গবেষণায় রাজশাহী, যশোর ও চট্টগ্রামে তরুণ ও নিয়োগদাতাদের নিয়ে আলাদা পরামর্শ সভা করা হয়। এতে ১০০ তরুণ এবং ৫৯ নিয়োগদাতা ও উদ্যোক্তা সংক্ষিপ্ত প্রশ্নপত্র পূরণ করেন। পাশাপাশি নওগাঁ, পীরগঞ্জ, যশোর হাইটেক পার্ক, উপকূলীয় নোয়াখালী ও বান্দরবানের আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মাঠপর্যায়ে আলোচনা করা হয়।

রাজশাহী: গবেষণায় রাজশাহী অঞ্চলের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, উৎপাদন যতটা এগিয়েছে, প্রক্রিয়াজাতকরণ ও সহায়ক সেবা ততটা এগোয়নি। দেশের প্রায় অর্ধেক আম এই অঞ্চল থেকে এলেও অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী, তা প্রায় পুরোটাই তাজা ফল হিসেবে বিক্রি হয়। ফসল সংগ্রহের পর উল্লেখযোগ্য ক্ষতির কথাও জানিয়েছেন তারা। আমের শুকনা টুকরা, ঘনীভূত উপাদান, আঁটির বাটার ও তেল তৈরির মতো প্রক্রিয়াজাতকরণ উদ্যোগ বাড়লে নতুন কর্মসংস্থান হতে পারে। রেশম খাতেও অব্যবহৃত সক্ষমতা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।

যশোর: ফুল, মৎস্য চাষ, হালকা প্রকৌশল, নারীদের পরিচালিত সেবা ব্যবসা ও ডিজিটাল উদ্যোগের বৈচিত্র্য থাকলেও বাস্তবতার সঙ্গে আর্থিক ও প্রশাসনিক সেবার সমন্বয় কম। অংশগ্রহণকারীরা জানান, তথ্যপ্রযুক্তিতে দক্ষতা নেই এমন কর্মকর্তারা পার্ক পরিচালনা করছেন এবং কাছের একটি বিশ্ববিদ্যালয়ের সুসজ্জিত আইটি ল্যাবও অব্যবহৃত অবস্থায় রয়েছে।

নোয়াখালী: উপকূলীয় অর্থনীতিতে কৃষি, প্রাণিসম্পদ ও নানা উদ্যোগের সম্ভাবনা থাকলেও স্থানীয় প্রক্রিয়াজাতকরণ ও উপযোগী অর্থায়নের অভাব রয়েছে। স্থানীয়ভাবে সয়াবিন ভাঙানো বা পশুখাদ্য তৈরির কারখানা না থাকায় সয়াবিন এলাকা থেকে বাইরে চলে যায়, ফলে স্থানীয় পর্যায়ে বাড়তি আয় ও কাজ তৈরি হয় না। ফসল বিক্রির টাকা হাতে আসার আগেই ঋণের কিস্তি শুরু হওয়ার মতো অসামঞ্জস্যের কথাও উঠে এসেছে।

চট্টগ্রাম: বন্দর, শিল্পপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সেবায় কাজের সুযোগ থাকলেও তরুণদের অভিযোগ, চাকরিতে অভিজ্ঞতা চাওয়া হয় এবং অনানুষ্ঠানিক লেনদেন বা ঘুষের প্রসঙ্গও আসে। প্রথম চাকরির আগেই কীভাবে অভিজ্ঞতা অর্জন করা যাবে তরুণদের এমন প্রশ্নের পাশাপাশি ইন্টার্নশিপ ও খণ্ডকালীন কাজের সীমিত সুযোগের কথা বলা হয়েছে। অন্যদিকে নিয়োগদাতারা ব্যবহারিক দক্ষতার ঘাটতি ও প্রশিক্ষিত কর্মী ধরে রাখার সমস্যার কথা জানান।

বান্দরবান: ফলবাগান, কফি, কাজুবাদাম, মৌ চাষ, পর্যটন ও হস্তশিল্পে সম্ভাবনা থাকলেও দুর্বল সড়ক, হিমাগার, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সংযোগের অভাবে উৎপাদকেরা ন্যায্য আয় পান না। দীর্ঘদিন ধরে জুমচাষে নিরুৎসাহিত করে ফলের বাগানে উৎসাহ দেওয়ার প্রেক্ষাপটে এক ম্রো অংশগ্রহণকারী জানান, আমগাছ লাগানোর সঙ্গে সঙ্গে পানির উৎস শুকিয়ে যাচ্ছে।

তরুণদের কর্মসংস্থান ও ব্যবসা গড়ে তোলার প্রতিবন্ধকতা দূর করতে পিপিআরসি সাতটি অগ্রাধিকার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে বেতনসহ শিক্ষানবিশের সুযোগ সৃষ্টি, প্রশিক্ষণের ব্যয় ভাগাভাগির মাধ্যমে নিয়োগদাতাদের যুক্ত করা এবং আয়ের সঙ্গে মিল রেখে ঋণের কিস্তি নির্ধারণ। ঋণ পেতে বাধা সৃষ্টিকারী জমির দলিল ও স্বামীর স্বাক্ষরের শর্ত তুলে নেওয়ার সুপারিশও করা হয়েছে। এ ছাড়া ছোট প্রতিষ্ঠানের জন্য আঞ্চলিক পর্যায়ে লাইসেন্স সেবা চালু, বিক্রির পরিমাণের ভিত্তিতে মূল্যায়ন এবং সেবার মানদণ্ড প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। কাজ ও শিক্ষায় অংশগ্রহণের বাধা কমাতে শিশুযত্ন ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা, মাতৃভাষায় শিক্ষার সুযোগ, সবার অংশগ্রহণ নিশ্চিত করে নিয়োগপ্রক্রিয়া এবং আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞান সুরক্ষার সুপারিশ করেছে সংস্থাটি।