বৈশ্বিক বাজারে দেশীয় পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার ও বিপণন কৌশল নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। শনিবার রাজধানীর বিসিআই বোর্ডরুমে ‘এআই এজেন্টিক মার্কেটিং ফর ইন্ডাস্ট্রিজ’ এবং ‘জিইও (জেনারেটিভ ইঞ্জিন অপ্টিমাইজেশন) ফর প্রোডাক্টস’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দুইটি পৃথক অধিবেশন পরিচালনা করেন তথ্যপ্রযুক্তি ও বিপণন খাতের তিন বিশেষজ্ঞ। ‘এআই এজেন্টিক মার্কেটিং ফর ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক অধিবেশনে বাংলালিংকের সিনিয়র ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার মো. হাবিব আল সাকি শিল্পখাতের বিপণন কার্যক্রমে এআই এজেন্টের ব্যবহার, গ্রাহক বিশ্লেষণ ও বিপণন প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণের (অটোমেশন) কৌশল তুলে ধরেন।
অন্যদিকে, ‘জিইও (জেনারেটিভ ইঞ্জিন অপ্টিমাইজেশন) ফর প্রোডাক্টস’ শীর্ষক অধিবেশনে ট্রিপজিপ এআই-এর কো-ফাউন্ডার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. শামীম হোসেন এবং মুন্ডি ফার্মা লিমিটেডের ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট সুজাত কাশেম এআই-চালিত সার্চ ও জেনারেটিভ ইঞ্জিনে দেশীয় পণ্যের দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বাড়ানোর আধুনিক কৌশল নিয়ে আলোচনা করেন। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৬ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী। সমাপনী বক্তব্যে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান সময়ে ব্যবসা পরিচালনা এবং গ্রাহকের কাছে পৌঁছানোর প্রচলিত পদ্ধতি বদলে দিচ্ছে। এআই এজেন্টিক মার্কেটিং ও জিইও সম্পর্কে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিল্পোদ্যোক্তারা তাঁদের পণ্যকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারবেন।
অংশগ্রহণকারীদের কর্মশালায় শেখা কৌশলগুলো নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতেও সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বিসিআইয়ের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী এবং পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অংশগ্রহণকারীরা জানান, প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মশালাটি তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
