জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে মেলাটির আয়োজন করা হয়েছে।

শনিবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এখানে কর্মসংস্থানের পরিমাণ প্রায় তিন কোটি ৪০ লাখ। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। দেশের জিডিপিতে খাতটির অবদান প্রায় ৩০ শতাংশ।
শিল্পমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। এর সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণীত হয়। পরবর্তীতে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছে। এ পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২৫ লাখ, যাদের ৬০ শতাংশ নারী।

শিল্পমন্ত্রী জানান, এবারের মেলায় সারাদেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যার প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা পরিচালিত। এতে পাদুকা, চামড়াজাত, পাটজাত ও হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল, জুয়েলারি, আইসিটি এবং সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠান অংশ নেবে। তিনি বলেন, মেলায় শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
মেলায় সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট নয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেয়া হবে। এর মধ্যে রয়েছেন বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
শিল্পমন্ত্রী জানান, এরই মধ্যে অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্যমেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশগ্রহণ করে ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন এবং প্রায় ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির অর্ডার পেয়েছেন। এছাড়া এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় পাঁচ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ পর্যন্ত ৭২ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দুজন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরি ও কর্মসংস্থান সম্প্রসারণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। দেশের জিডিপিতে সিএমএসএমই খাতের বর্তমান অবদানে সরকার সন্তুষ্ট নয়। আগামী দিনে তা ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছাবে।

ব্যাংকঋণ পেতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানত ও বিভিন্ন শর্ত পূরণের জটিলতার বিষয়ে এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক প্রতিষ্ঠার ধারণাটি বিবেচনাযোগ্য। তবে আপাতত বিদ্যমান ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই তাদের ঋণপ্রাপ্তির পথ সহজ করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের একটি কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারা ব্যবসায়িক ধারণা বাস্তবসম্মত ও ব্যাংকযোগ্য প্রমাণ করতে পারলে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান এবং বাকি ১০ লাখ টাকা ঋণ হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণযোগ্যতা বৃদ্ধি এবং ব্যাংকঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে।
সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।