মুকসুদপুরে অস্ত্র উদ্ধার, সালথা ওসির টিম পাচ্ছে পুরস্কার

মুকসুদপুরে অস্ত্র উদ্ধার, সালথা ওসির টিম পাচ্ছে পুরস্কার

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অস্ত্রাগারে রক্ষিত সরকারি ও পাবলিকের অস্ত্র নিরাপদে উদ্ধারে ভূমিকা রাখায় ফরিদপুরের সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন টিমকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেয়া হয়েছে। 

তাদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে থানার অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও পাবলিকের অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতে সালথা থানার ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। পরে তারা অস্ত্রাগারে থাকা অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসেন।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্ব পালনে আন্তরিকতা এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে ওসি বাবলুর রহমান খান ও তার টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এ উদ্যোগে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সহায়তা হয়।
এ ঘটনায় সালথা থানার ওসি বাবলুর রহমান খান ও তার টিমের ভূমিকার প্রশংসা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তিনি তাদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। পাশাপাশি এ সাহসী ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেন।

পুলিশ সুপার আশা প্রকাশ করেন, দেশ ও জনগণের নিরাপত্তা এবং বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে ওসি বাবলুর রহমান খান ও তার টিম ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এদিকে, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন পুলিশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ।