নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।
ওই বিজ্ঞপ্তিতে জি এম কাদের বলেন, ‘মানুষের বসতবাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মত-পার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরীহ মানুষের ঘরবাড়ি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
কেউ অপরাধ করে থাকলে দেশের আইন অনুযায়ী তার বিচার হওয়াটাই স্বাভাবিক। আইন নিজের হাতে তুলে নেয়াটা কোনোভাবেই সমর্থন যোগ্য না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ সরকারের দায়িত্ব।’
দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান ওই বিজ্ঞপ্তিতে।
