রিজওয়ান-সাইম-শানকে বাদ দিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা

রিজওয়ান-সাইম-শানকে বাদ দিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা

ফন্ট সাইজ:

পাকিস্তান ক্রিকেটে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘিরে আলোচনার জন্ম দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর নতুন চুক্তিতে জায়গা হয়নি তারকা উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ওপেনার সাইম আইয়ুব ও টেস্ট অধিনায়ক শান মাসুদের। সিনিয়র পুরুষ দলের জন্য এবার ফরম্যাটভিত্তিক চুক্তি কাঠামো চালু করেছে পিসিবি। নতুন তালিকায় রয়েছেন মোট ৩৮ জন ক্রিকেটার, যাদের মধ্যে ১৯ জনকে রাখা হয়েছে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে।

গত বছরের ক্যাটাগরিভিত্তিক চুক্তি পদ্ধতি থেকে সরে এসে এবার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটের জন্য আলাদা চুক্তি দিয়েছে বোর্ড। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, কোনো এক ক্রিকেটারকে তিন ফরম্যাটেই চুক্তির আওতায় রাখা হয়নি। টেস্ট অধিনায়ক বাবর আজম ও সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা পেয়েছেন টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটের চুক্তি। অন্যদিকে মোহাম্মদ আব্বাস, আজান আওয়াইস, সাজিদ খান ও সৌদ শাকিল রয়েছেন শুধু টেস্ট চুক্তিতে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটে চুক্তি পেয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আর টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহানকে রাখা হয়েছে শুধু এই ফরম্যাটের চুক্তিতে। তবে সবচেয়ে বেশি আলোচনা মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে। গত বছর ক্যাটাগরি ‘বি’-তে থাকা এই উইকেটকিপার এবার চুক্তির তালিকা থেকেই বাদ পড়েছেন। সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বিতর্কে জড়ানোর পাশাপাশি ইংল্যান্ড সফরের মাঝপথে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এবার তার সঙ্গে বাদ পড়েছেন সাইম আইয়ুব ও হাসান আলী। গত বছর তারাও ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে।

এ ছাড়া শান মাসুদ, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, খুররাম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও নতুন তালিকায় জায়গা পাননি। সব মিলিয়ে গত বছরের চুক্তিবদ্ধ ১৩ ক্রিকেটার এবার বাদ পড়েছেন।

অন্যদিকে ভবিষ্যতের ক্রিকেটার তৈরিতে গুরুত্ব দিয়েছে পিসিবি। সাম্প্রতিক সময়ে টেস্ট অভিষেক হওয়া রাজাউল্লাহ, তাইয়্যাব আরিফ, মোহাম্মদ তাহা, গাজি ঘোরি ও সাকিব খান পেয়েছেন ডেভেলপমেন্ট চুক্তি। নতুন কাঠামোর মাধ্যমে ক্রিকেটারদের ফরম্যাটভিত্তিক দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনায় আলাদা গুরুত্ব দিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।